বিশ্বকাপে ব্রাজিলের চিন্তা বাড়াল রাফিনহার চোট, কতটা গুরুতর আঘাত?

বিশ্বকাপে ব্রাজিলের রাফিনহার চোট কতটা গুরুতর? হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি, উদ্বেগে সেলেকাও শিবির। কোচ ও সতীর্থদের মন্তব্য।

Share:

ব্যুরো নিউজ, ২০ জুন ২০২৬ঃ ফিফা বিশ্বকাপ ২০২৬-এ প্রথম জয় পেলেও ব্রাজিলের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তারকা ফুটবলার রাফিনহার চোট। হাইতিকে ৩-০ গোলে হারানোর দিনে প্রথমার্ধের শেষের দিকে মাঠ ছাড়তে বাধ্য হন ২৯ বছর বয়সী এই উইঙ্গার। তাঁর ডান উরুর পিছনের পেশিতে তীব্র অস্বস্তি দেখা যায়। মাঠ ছাড়ার সময় তাঁর চোখেমুখে হতাশার ছাপ স্পষ্ট ছিল, পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দিচ্ছিলেন সতীর্থ গ্যাব্রিয়েল মাগালহায়েস।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সূত্রে জানানো হয়েছে, রাফিনহা তাঁর ডান উরুর পিছনের পেশিতে ব্যথা অনুভব করেছেন এবং তাঁর চিকিৎসা শুরু হয়েছে। ম্যাচের পর কোচ কার্লো আন্সেলোত্তি সাংবাদিকদের জানান, হ্যামস্ট্রিংয়ে অস্বস্তির কারণে রাফিনহা মাঠ ছেড়েছিলেন। তিনি বলেন, “আগামীকাল রাফিনহার চোট আবারও পরীক্ষা করা হবে। এই মুহূর্তে তার হ্যামস্ট্রিংয়ে কী হয়েছে, সে সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা নেই।” দলের সতীর্থ ভিনিসিয়াস জুনিয়র রাফিনহার চোটকে “খুবই খারাপ খবর” বলে উল্লেখ করেছেন।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে এটি সম্ভবত আগেরবারের মতোই সমস্যা। ভিনিসিয়াস দ্রুত রাফিনহার মাঠে ফেরার আশা প্রকাশ করেছেন। বার্সেলোনার এই তারকা গত মরশুমে ১৫ গোল ও ৫টি অ্যাসিস্ট করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মুশকিল হল, ফিফার নিয়ম অনুযায়ী ১২ জুনের পর পরিবর্ত খেলোয়াড় নেওয়ার সুযোগ নেই। তাই রাফিনহা ছিটকে গেলে ব্রাজিলকে বড় ধাক্কা খেতে হবে। তাঁর চোটের গভীরতা নিয়ে এখন গোটা ব্রাজিল দল চিন্তিত। বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোতে তাঁর উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।