ব্যুরো নিউজ, ৬ জুন ২০২৬ঃ ভারতীয় ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ এবং ২০২৬ এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করল নির্বাচক কমিটি। এই দল ঘোষণার সবচেয়ে বড় চমক হলো অধিনায়কত্বে পরিবর্তন। ভারতীয় টি-টোয়েন্টি দলের নেতৃত্বের ব্যাটন থেকে সরে দাঁড়িয়েছেন সূর্যকুমার যাদব। তাঁর পরিবর্তে আয়ারল্যান্ড সফর, ইংল্যান্ড সিরিজ এবং এশিয়ান গেমসে ভারতকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব সঁপে দেওয়া হয়েছে শ্রেয়স আইয়ারের কাঁধে।
আগামী ২৬ জুন থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে, এরপর ১ জুলাই থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ঘোষিত স্কোয়াডে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিশান, শিবম দুবে, তিলক ভার্মা, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী এবং হর্ষিত রানার মতো ক্রিকেটাররা রয়েছেন। ইংল্যান্ড সিরিজের জন্য অতিরিক্ত ক্রিকেটার হিসেবে বরুণ চক্রবর্তী ও আর্শদীপ সিংকে সুযোগ দেওয়া হয়েছে।
এদিকে, ২০২৬ এশিয়ান গেমসের জন্য ঘোষিত ভারতীয় দলে সহ-অধিনায়কের বড় দায়িত্ব পেয়েছেন তরুণ ব্যাটার তিলক ভার্মা। এই দলে তারকা পেসার জসপ্রীত বুমরাহ-কেও যুক্ত করা হয়েছে, যা এশিয়ান গেমসের দলকে আরও শক্তিশালী করে তুলেছে। ফলে এশিয়ান গেমসে সোনা জয়ের অন্যতম প্রধান দাবিদার হিসেবে ভারতকে দেখা হচ্ছে। জাতীয় দলের পাশাপাশি ভারত ‘এ’ দলের শ্রীলঙ্কা সফরের জন্য ধ্রুব জুরেলকে অধিনায়ক করা হয়েছে। এই সফর তরুণ ক্রিকেটারদের জন্য নিজেদের প্রমাণ করার সুবর্ণ সুযোগ। শ্রেয়স আইয়ারের নতুন নেতৃত্ব এবং তরুণ তুর্কিদের লক্ষ্য নিয়ে আগামী কয়েক সপ্তাহ ভারতীয় ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।








