ব্যুরো নিউজ, ১৫ জুন ২০২৬ঃ বিশ্বকাপ শুরুর আগেই নতুন বিতর্কে জড়াল ফুটবল বিশ্ব। এবার কাগজপত্র সংক্রান্ত জটিলতার কারণে আমেরিকায় প্রবেশে বাধা পেল উরুগুয়ে ফুটবল দল। মেক্সিকোতে আটকে পড়ল মার্সেলো বিয়েলসার গোটা দল। জানা গিয়েছে, ফিফার গাফিলতিতেই এই সমস্যার মুখোমুখি হতে হয়েছে লাতিন আমেরিকার এই শক্তিশালী দলটিকে। সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে উরুগুয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করার কথা। কিন্তু তার আগেই এই অপ্রত্যাশিত ঘটনা দলের প্রস্তুতিতে বড় ধাক্কা দিল।
রিপোর্ট অনুযায়ী, মেক্সিকো থেকে যেই বিমানে করে উরুগুয়ে দলের মায়ামিতে যাওয়ার কথা ছিল, সেই বিমানের কাছে আমেরিকায় প্রবেশের জন্য পর্যাপ্ত অনুমতিপত্র ছিল না। প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে মায়ামি বিমানবন্দরে ঢুকতে পারেনি উরুগুয়ের বিমান। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই কাগজপত্র তৈরির দায়িত্ব ছিল ফিফার। কিন্তু তারা সময় মতো সেই কাজ সম্পন্ন করতে পারেনি। কোচ মার্সেলো বিয়েলসা মায়ামির বাসিন্দা হওয়া সত্ত্বেও তাঁকেও দলের সঙ্গে মেক্সিকোতে আটকে থাকতে হয়।
উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন দ্রুত এই সমস্যার সমাধানের চেষ্টা চালাচ্ছে, যাতে গ্রুপ ‘এইচ’-এর ম্যাচের আগে দল মায়ামিতে পৌঁছতে পারে। তবে এই অপ্রত্যাশিত বিলম্বের কারণে খেলোয়াড়রা মাঠে অনুশীলন করার সুযোগ পাচ্ছেন না। বাধ্য হয়ে তাদের ইন্ডোর অ্যাক্টিভিটি করতে হচ্ছে। এই ঘটনাটি নিয়ে বিতর্ক কম হয়নি। উরুগুয়ের সমর্থকরা স্মরণ করিয়ে দিয়েছেন, ২০২৪ সালের কোপা আমেরিকার সময়েও একই ধরনের ঘটনা ঘটেছিল, যেখানে কোচ বিয়েলসা ফিফার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। বিশ্বকাপ শুরুর আগে থেকেই মাঠের বাইরের একাধিক সমস্যা নিয়ে চর্চা চলছে, যা টুর্নামেন্টের ভাবমূর্তিকে প্রভাবিত করছে।







