ব্যুরো নিউজ , ১৭ সেপ্টেম্বর ২০২৬: দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে চলা ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ (ODI World Cup) নিয়ে এখন থেকেই শুরু হয়েছে জল্পনা। ভারতীয় দলের সম্ভাব্য কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) দল নির্বাচন এবং রণনীতি প্রসঙ্গে কড়া বার্তা দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং (Yuvraj Singh)। তাঁর স্পষ্ট পরামর্শ, বিশ্বকাপের আগে অহেতুক দল বদল না করে একটি নির্দিষ্ট দল নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা উচিত।
একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে যুবরাজ জানিয়েছেন, “আগামী এক বছর ধরে একটি সেট টিম তৈরি করা উচিত। একটি নির্দিষ্ট টিম খেলিয়ে যাওয়া উচিত। শেষ মুহূর্তে বড় অদলবদল কেউ চায় না।” ২০১১ বিশ্বকাপ জয়ী এই তারকার মতে, ভারত বিশ্বপর্যায়ের টুর্নামেন্টে তখনই ব্যর্থ হয়েছে, যখন শেষ মুহূর্তে তারা বড়সড় রদবদল করতে গিয়েছে। তিনি আরও বলেন, “খেয়াল করলে দেখবেন, সেই বড় বদল হয় টুর্নামেন্টের ঠিক আগে হয়েছে কিংবা মাঝখানে।” যুবরাজ মনে করেন, এই ধরনের অস্থিরতা দলের আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং খেলোয়াড়দের মধ্যে অনিশ্চয়তা তৈরি করে। যুবরাজ জোর দিয়েছেন দলের প্রতি বিশ্বাস রাখার উপর। তাঁর কথায়, “প্রথমত একটি দল নির্বাচন করতে হবে। বিশ্বাস রাখতে হবে, এই টিমটা ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ জেতাবে।
তারপর সেই টিম নিয়ে টুর্নামেন্টের শেষ পর্যন্ত এগোতে হবে। টিমের উপর বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি।” রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli)-র মতো মহাতারকা ব্যাটাররা ২০২৭ বিশ্বকাপে খেলবেন কিনা, তা নিয়েও প্রায়শই আলোচনা হয়। এই পরিস্থিতিতে যুবরাজের এই পরামর্শ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ক্রিকেট মহল। গম্ভীরের সামনে এখন বড় চ্যালেঞ্জ, যুবরাজের পরামর্শ মেনে একটি শক্তিশালী ও সুসংহত দল গঠন করে ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করা।








