বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে ঘিরে পড়ুয়াদের বিক্ষোভ, উত্তপ্ত ক্যাম্পাস

বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে ঘিরে পড়ুয়াদের বিক্ষোভ। ক্লাসরুমে এসি-ফ্যান, পরিকাঠামো, হস্টেলের খাবার ও পানীয় জল নিয়ে ক্ষোভ। আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি।

Share:

ব্যুরো নিউজ, ২০ মে ২০২৬ঃ একাধিক দাবিদাওয়াকে সামনে রেখে এদিন সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠল বোলপুরের বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় চত্বর। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু তালেব খানকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখান পড়ুয়ারা। তীব্র গরমের মধ্যে ক্লাসরুমের এসি ও ফ্যান ঠিকমতো কাজ না করা, পরিকাঠামোগত সমস্যা, হস্টেলের ক্যান্টিনে খাবার ও পানীয় জলের মান নিয়ে ক্ষোভ উগরে দেন ছাত্রছাত্রীরা।

পড়ুয়াদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলি কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও সুরাহা হয়নি। এর ফলে চরম অস্বস্তির মধ্যে ক্লাস করতে হচ্ছে এবং অনেকে অসুস্থও হয়ে পড়ছেন। হস্টেলের আবাসনের পরিবেশ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তাঁরা। এদিন সকাল থেকেই বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ শুরু হয় এবং পরে উপাচার্য সহ অন্যান্য আধিকারিকদের সামনে নিজেদের দাবি তুলে ধরেন ছাত্রছাত্রীরা।

তাঁদের মূল অভিযোগ, তীব্র গরমে ক্লাসরুমে পর্যাপ্ত বাতানুকূল ব্যবস্থা না থাকায় পড়াশোনার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এছাড়াও, হস্টেলের খাবারের মান ও পানীয় জলের অপ্রতুলতা নিয়ে বারবার অভিযোগ করেও কোনো ফল মেলেনি। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে পড়ুয়াদের দীর্ঘক্ষণ আলোচনা চলে। উপাচার্য আবু তালেব খান ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।

তবে বিক্ষোভরত পড়ুয়ারা জানিয়েছেন, কেবল আশ্বাসে তাঁরা সন্তুষ্ট নন। তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন ও বিক্ষোভ চালিয়ে যাবেন তাঁরা। এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা জারি রয়েছে এবং আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাখছে ওয়াকিবহাল মহল।