ফলতায় তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর, জাহাঙ্গির খানের গ্রেপ্তারের পরেই জনরোষ

ফলতায় তৃণমূল নেতা জাহাঙ্গির খান ওরফে 'পুষ্পা'-র গ্রেপ্তারের পরেই জনরোষ আছড়ে পড়ল দলীয় পার্টি অফিসে। ব্যাপক ভাঙচুরের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে।

Share:

ব্যুরো নিউজ, ৮ জুন ২০২৬ঃ সোমবার সকালে রাজ্য পুলিশের এসটিএফ-এর হাতে গ্রেপ্তার হয়েছেন ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। ‘পুষ্পা’ নামে পরিচিত এই নেতার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই ফলতায় তৃণমূলের পার্টি অফিসে আছড়ে পড়ল জনরোষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাহাঙ্গিরের কার্যালয়ে বিভিন্ন ত্রাণ সামগ্রী মজুত রাখা হত। গ্রেপ্তারির খবর প্রকাশ্যে আসার পর পরই একদল বিক্ষুব্ধ এলাকাবাসী ফলতার তৃণমূল পার্টি অফিসের সামনে হাজির হন।

অভিযোগ, তারা তালা ভেঙে পার্টি অফিসের ভিতরে প্রবেশ করেন এবং অফিসের আসবাবপত্র, টেবিল, চেয়ার সহ বিভিন্ন জিনিসপত্র ব্যাপক ভাঙচুর করেন। স্থানীয়দের দাবি, অফিসের ভিতরে বান্ডিল বান্ডিল তৃণমূলের পতাকা, কিছু কাগজপত্র এবং ত্রাণ সামগ্রী জড়ো করে রাখা হয়েছিল।

প্রসঙ্গত, ভারত-নেপাল সীমান্ত থেকে জাহাঙ্গির খানকে গ্রেপ্তার করে এসটিএফ। গত ২১ মে ফলতার পুনর্নির্বাচনের দিন থেকেই তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিলেন এসটিএফ আধিকারিকরা। সূত্রের খবর, সীমান্ত এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে স্ত্রী ও সন্তান সহ আত্মগোপন করেছিলেন তিনি। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।