সন্দেশখালিতে প্রাক্তন বিধায়কের গাড়ির ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা: মৃত ২, আহত ২, এলাকায় চাঞ্চল্য

সন্দেশখালিতে প্রাক্তন বিধায়কের গাড়ির ধাক্কায় ২ জনের মৃত্যু, আহত ২। উত্তর ২৪ পরগনার বয়ারমারি এলাকায় ঘটনা। তদন্ত শুরু করেছে পুলিশ।

Share:

ব্যুরো নিউজ ১৪ অক্টোবর ২০২৬:

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই টোটো যাত্রী।

এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার দুপুরে বসিরহাট মহকুমার বয়ারমারি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে বারোটা নাগাদ প্রাক্তন বিধায়ক সুকুমার মাহাতোর গাড়িটি কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল।

সেই সময় বয়ারমারির কাছে একটি টোটোর সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই দুই টোটো যাত্রীর মৃত্যু হয়।

আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

যদিও ঘটনার সময় গাড়িতে প্রাক্তন বিধায়ক সুকুমার মাহাতো ছিলেন না।

তাঁর গাড়ির চালক ব্যক্তিগত কাজে গাড়িটি নিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।

মৃত এবং আহত সকলেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকার বাসিন্দা।

প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা শিক্ষক সুকুমার মাহাতো জানান, তিনি স্কুলে ছিলেন।

তাঁর চালক গাড়ি নিয়ে বাড়ি গিয়েছিল কারণ আজকেই স্কুল ছুটি হয়ে যাওয়ায় কলকাতায় চিকিৎসার জন্য যাওয়ার কথা ছিল।

চালককে আসতে বলার সময় বাসন্তী হাইওয়েতে দয়ারবাড়ির কাছে দুটি যাত্রী বোঝাই অটো রেষারেষি করছিল।

একটিকে সাইড কাটাতে গিয়ে তাঁর গাড়ির ধাক্কা লাগে এবং এরপরই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়নজুলিতে পড়ে যায়।

খবর পেয়ে নেজাত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।