ব্যুরো নিউজ, ৬ জুন ২০২৬ঃ সম্প্রতি একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ইউসুফ পাঠানকে বহরমপুর আসন থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং সেখানে উপনির্বাচনে জয়লাভ করে লোকসভায় যেতে চান। এই খবরের সঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামও জড়িয়ে দেওয়া হয়েছিল। প্রতিবেদনে দাবি করা হয়, সৌরভ নাকি মুখ্যমন্ত্রীর বার্তা ইউসুফ পাঠানের কাছে পৌঁছে দিয়েছেন।
এই জল্পনা ছড়িয়ে পড়তেই রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়। তবে, এই সমস্ত জল্পনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন যে এই ধরনের খবরের কোনও সত্যতা নেই এবং এটি সম্পূর্ণ মনগড়া। সৌরভ আরও বলেন, “এই ধরনের কোনও প্রতিবেদন প্রকাশ করার আগে সঠিক তথ্য যাচাই করে নেওয়া উচিত ছিল। স্রেফ গুজবের বশবর্তী হয়ে কোনও খবর প্রকাশ করা উচিত না।” প্রাক্তন ভারত অধিনায়কের এই মন্তব্যে স্পষ্ট যে তিনি এই ধরনের ভিত্তিহীন খবরে অত্যন্ত বিরক্ত। এই ঘটনা রাজনৈতিক মহলেও কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে।







