রাজ্যজুড়ে পালিত হচ্ছে ‘অভয়া দিবস’, পানিহাটিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু, অভয়া কাণ্ডে নতুন মোড় তদন্তে

আজ রাজ্যজুড়ে পালিত হচ্ছে 'অভয়া দিবস'। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে শ্রদ্ধা জ্ঞাপন। অভয়া কাণ্ডের তদন্তেও নতুন মোড়, তলব করা হচ্ছে সংশ্লিষ্টদের।

Share:

ব্যুরো নিউজ, ৯ আগস্ট ২০২৬: পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হচ্ছে ‘অভয়া দিবস’। দু’বছর আগে এই অভিশপ্ত দিনেই আর জি কর মেডিক্যাল কলেজে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল। এই মর্মান্তিক ঘটনা সেসময় রাজ্যজুড়ে ব্যাপক আলোড়ন ফেলেছিল। তৎকালীন তৃণমূল সরকারের পতনের পর রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন, আজ বাংলাজুড়ে সমস্ত স্বাস্থ্যকেন্দ্র ও সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে এই দিনটি পালন করা হবে।

সকাল ১১টায় অভয়ার আকস্মিক মৃত্যুকে স্মরণ করে দু’মিনিট নীরবতা পালন, প্রদীপ প্রজ্জ্বলন এবং ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রতিটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে। এই উদ্যোগের মাধ্যমে নিহত চিকিৎসকের প্রতি শ্রদ্ধা জানানো এবং নারী সুরক্ষার বার্তা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় আজ বিকেলে পানিহাটিতে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানের আয়োজন করেছেন অভয়ার মা, যিনি বর্তমানে বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। এই অনুষ্ঠানে রাজ্যের একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন বলে জানা গেছে। পাশাপাশি, অভয়া কাণ্ডের তদন্তেও নতুন মোড় এসেছে।

স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, ৯ আগস্ট যে রাতে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন হয়েছিলেন, সেদিন তাঁর সঙ্গে যাঁরা ডিনার করেছিলেন বা ডিউটিতে ছিলেন, তাঁদের সকলকে তলব করা হবে। এছাড়াও, ঘটনার পর আর জি করে সিসিটিভি ফুটেজে যাঁদের দেখা গিয়েছে, তাঁদেরও তলব করা হবে। মন্ত্রী আরও বলেন, “তদন্ত থেকে যা নির্যাস বেরোবে তা রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হবে।”

রাজ্যে পালাবদলের পর নতুন সরকার স্তিমিত হয়ে থাকা এই তদন্তকে পুনরুজ্জীবিত করেছে। ঘটনার বিচারবিভাগীয় তদন্তও যথারীতি চলবে, তবে নতুন করে সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের উপর জোর দেওয়া হচ্ছে।