ব্যুরো নিউজ, ১৩ জুন ২০২৬ : আরও বিপাকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমফান ঘূর্ণিঝড় পরবর্তী ত্রাণ বণ্টনে প্রায় ২৫০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করা হয়েছে। সূত্রের খবর, এই অভিযোগের প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ।
২০২০ সালে আমফান ঘূর্ণিঝড়ের পর ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য রাজ্য সরকার ‘ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার’ বা ডিবিটি-র মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিল। নিয়ম অনুযায়ী, সম্পূর্ণ ভেঙে যাওয়া বাড়ির জন্য ২০ হাজার এবং আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য ৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু অভিযোগ উঠেছে, সরকারি পোর্টালে কারচুপি করে বহু অক্ষত পাকা বাড়িকেও ‘ক্ষতিগ্রস্ত’ দেখিয়ে বেআইনিভাবে সরকারি টাকা আত্মসাৎ করা হয়েছে। অভিযোগপত্রে চাঞ্চল্যকর তথ্য ও নথি পেশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ডিজিটাল কারচুপির মাধ্যমে একটি মোবাইল নম্বরের সঙ্গে ১৩ জন এবং অন্য একটি ফোন নম্বরের সঙ্গে ৮ জন ব্যক্তির নাম যুক্ত করে তাঁদের অ্যাকাউন্টে ২০ হাজার টাকা করে পাঠানো হয়েছে। এই বিপুল জালিয়াতির তদন্তের জন্য ‘সিট’ গঠনের দাবি জানিয়েছেন বিজেপি নেতা অভিজিৎ দাস।
এর আগে বিধানসভার সই-জাল কাণ্ড এবং উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে সিআইডি ও ইডি-র তলব এবং জামিন অযোগ্য ধারায় এফআইআর-এর মুখে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমফান দুর্নীতির এই নতুন অভিযোগ তাঁর আইনি জটিলতা আরও বাড়িয়ে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।








