ব্ল্যাঙ্কেট প্রটেকশন চেয়ে হাইকোর্টে অভিষেক, জমা দিলেন কণ্ঠস্বরের নমুনাও

একাধিক মামলায় গ্রেফতারি এড়াতে ব্ল্যাঙ্কেট প্রটেকশন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিজে মামলায় জমা দিলেন কণ্ঠস্বরের নমুনাও।

Share:

ব্যুরো নিউজ, ১৫ জুলাই ২০২৬ঃ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক মামলায় গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ‘ব্ল্যাঙ্কেট প্রটেকশন’ বা সার্বিক রক্ষাকবচের আবেদন নিয়ে। একইসঙ্গে, বহুল আলোচিত ‘ডিজে মামলায়’ তাঁর কণ্ঠস্বরের নমুনা জমা দিতে আজ বিধাননগর আদালতে হাজির হন তিনি। আদালতের কড়া হুঁশিয়ারির পরেই এই পদক্ষেপ নিলেন অভিষেক। সাম্প্রতিককালে ভোটে ভরাডুবির পর থেকেই তৃণমূল সাংসদের বিরুদ্ধে চুরি থেকে দুর্নীতি, একাধিক অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন বলে অভিযোগ অভিষেকের।

তৃণমূলের আমলে ঘটে যাওয়া একাধিক দুর্নীতির অভিযোগ তুলেই পুলিশের কাছে আবেদন করা হচ্ছে, এমনকি দ্রুত এফআইআর দায়ের করা হচ্ছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি ফৌজদারী মামলাও দায়ের করা হয়েছে অভিষেকের বিরুদ্ধে। এর আগে দু’বার কণ্ঠস্বরের নমুনা জমা দিতে তিনি হাজিরা এড়িয়েছিলেন। গত ১০ জুলাই হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছিলেন, ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা অভিষেককে জমা দিতেই হবে এবং তৃতীয়বার হাজিরা না দিলে তাঁর রক্ষাকবচ তুলে নেওয়া হবে। এরপরই আজ দুপুর বারোটায় সিআইডি অফিসারদের সামনে তাঁর কণ্ঠস্বরের নমুনা জমা দেওয়ার কথা। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ব্ল্যাঙ্কেট প্রটেকশনের আবেদন করেছেন, তা আদালত এখনও মঞ্জুর করেনি।

তবে অতীতে তৎকালীন বিরোধী দলনেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এমনই একটি রক্ষাকবচ দিয়েছিল আদালত। নির্দিষ্ট কোনও একটি মামলা নয়, বরং একাধিক আইনি জটিলতায় যেহেতু জড়িয়ে রয়েছেন তিনি, সেই কারণে পুলিশ বা তদন্তকারী সংস্থার দ্বারা গ্রেফতারি এড়ানোর জন্যই এই আবেদন। এই মুহূর্তে তৃণমূলের যুবরাজের এই আইনি পদক্ষেপ তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়াচ্ছে।