ময়নাগুড়ির ভয়াবহ দুর্ঘটনায় শোকপ্রকাশ অভিষেকের, মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে এক্স পোস্ট

ময়নাগুড়ির ভয়াবহ পথ দুর্ঘটনায় শোকপ্রকাশ অভিষেকের। ৪ জনের মৃত্যু ও ২৯ জন আহতের ঘটনায় মর্মাহত তৃণমূল সাংসদ এক্স পোস্টে জানালেন গভীর সমবেদনা ও পাশে থাকার বার্তা।

Share:

ব্যুরো নিউজ, ২১ জুন ২০২৬ঃ জলপাইগুড়ির ময়নাগুড়িতে ঘটে যাওয়া মর্মান্তিক পথ দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার, ২১শে জুন, এই ভয়াবহ দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে এবং ২৯ জন আহত হয়েছেন, যাঁদের মধ্যে দু’জন শিশুও রয়েছে। এই ঘটনায় মর্মাহত হয়ে নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন অভিষেক।

নিজের পোস্টে তৃণমূল সাংসদ লেখেন, “ময়নাগুড়ির মর্মান্তিক পথ দুর্ঘটনার খবর পেয়ে আমি অত্যন্ত মর্মাহত। এই দুর্ঘটনায় বেশ কয়েকটি মূল্যবান প্রাণ হারিয়ে গিয়েছে এবং অনেকেই গুরুতর জখম হয়েছেন।” তিনি আরও যোগ করেন, “এই কঠিন সময়ে শোকার্ত পরিবারগুলির প্রতি আমার অন্তরের গভীর সমবেদনা রইল। দুর্ঘটনায় আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করি।” এই চরম বিপদের দিনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি যাতে প্রয়োজনীয় সমস্ত রকম সাহায্য ও মানসিক শক্তি পায়, সেই আশাপ্রকাশও করেছেন তিনি।

জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে কোচবিহারের উদ্দেশে যাচ্ছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি সিএনজি বাস। উল্লাডাবরি এলাকায় পৌঁছতেই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাসের সামনের অংশ ভেদ করে ট্রেলারের পিছনের অংশ ভিতরে ঢুকে যায়, যার ফলে বাসের সামনের দিকে বসে থাকা যাত্রীরা গুরুতর জখম হন। আচমকা বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

ময়নাগুড়ি থানার পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীরা এসে দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসাধীন রয়েছেন অনেকে। বেশ কয়েকজনের শারীরিক অবস্থা উদ্বেগজনক বলে হাসপাতাল সূত্রে খবর। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।