হাই কোর্টে ধাক্কা, বিদেশে যেতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে পরীক্ষা না দেওয়ায় আবেদন খারিজ। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ।

Share:

ব্যুরো নিউজ, ৭ আগস্ট ২০২৬ঃ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। হাইকোর্ট তাঁর আবেদন খারিজ করে দেয়, কারণ তিনি এসএসকেএম হাসপাতালে গঠিত মেডিক্যাল বোর্ডের সামনে পরীক্ষা করাতে রাজি হননি। আদালতের নির্দেশ ছিল, এসএসকেএমের চক্ষু বিভাগের প্রধানের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ড অভিষেকের শারীরিক অবস্থা খতিয়ে দেখবে এবং বিদেশে চিকিৎসার প্রয়োজন আছে কিনা, সে বিষয়ে মতামত দেবে।

কিন্তু অভিষেকের আইনজীবীরা আদালতকে জানান, তিনি এসএসকেএম হাসপাতালে যেতে চান না। এরপরই বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ তাঁর আবেদন খারিজ করে দেয়। উল্লেখ্য, এর আগে এই মামলাটি সুপ্রিম কোর্টেই উঠেছিল। গত সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ মামলাটি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে সাত দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মেনেই বুধবার হাইকোর্টে শুনানি হয়। রাজ্যের পক্ষ থেকে অভিষেকের বিদেশযাত্রার তীব্র বিরোধিতা করা হয়েছিল।

রাজ্যের আইনজীবী আদালতে জানান, অভিষেকের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে এবং এই পরিস্থিতিতে তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দিলে তদন্তের কাজে সমস্যা হতে পারে। দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর আদালত এসএসকেএমের বিশেষজ্ঞদের মতামত নেওয়ার কথা বলেছিল। সেই প্রক্রিয়ায় অংশ নিতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত হাইকোর্ট তাঁর আবেদন খারিজ করে দেয়। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।