ব্যুরো নিউজ, ১০ জুলাই ২০২৬ঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিজে মামলায় তাঁর কণ্ঠস্বরের নমুনা দিতেই হচ্ছে। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও সেখানে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় ডায়মন্ড হারবারের সাংসদকে। আদালতের ক্ষোভের মুখে শেষ পর্যন্ত কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা সংক্রান্ত মামলাটি প্রত্যাহার করে নিতে বাধ্য হন অভিষেকের আইনজীবী। এর আগে সিআইডি ডিজে মামলার তদন্তে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা নিতে চেয়েছিল। কিন্তু পরপর দু’বার হাজিরা এড়িয়ে যান তৃণমূল সাংসদ।
গত বুধবার সকাল ১০টায় বিধাননগর আদালতে তাঁর ভয়েস স্যাম্পেল টেস্টের জন্য হাজির থাকার কথা ছিল। সরকার পক্ষের আইনজীবী, সিআইডির তদন্তকারী আধিকারিক এবং কণ্ঠস্বর বিশেষজ্ঞরা টানা ২ ঘণ্টা অপেক্ষা করলেও অভিষেক যাননি। এরপরই সিআইডির পক্ষ থেকে বিচারককে চিঠি দিয়ে কড়া আইনি পদক্ষেপের আবেদন জানানো হয়। সেই পরিপ্রেক্ষিতেই বিধাননগর আদালত আগামী ১৫ জুলাই দুপুর ১২টায় অভিষেককে সশরীরে হাজির থাকার নির্দেশ দেয়। তদন্তে সহযোগিতার শর্তেই এর আগে কলকাতা হাইকোর্ট থেকে গ্রেফতারি বা কড়া পদক্ষেপের বিরুদ্ধে রক্ষাকবচ পেয়েছিলেন অভিষেক। কিন্তু তা সত্ত্বেও তিনি কেন কণ্ঠস্বরের নমুনা দিতে চাইছেন না, তা নিয়ে বিচারপতি তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
হাইকোর্টের প্রবল চাপের মুখে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার পর অভিষেকের আইনজীবী আদালতে নতুন আবেদন জানান। তিনি বলেন, যখন আদালতের নির্দেশ মেনে কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক, তখন যাতে তাঁকে ‘ডিম ছুঁড়ে’ হেনস্থা না করা হয়, তা নিশ্চিত করা হোক। এই আবেদনের প্রেক্ষিতে আদালত রাজ্য প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ এবং অভিষেকের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে। হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর তৃণমূল শিবিরের নজর এখন আগামী ১৫ জুলাইয়ের দিকে।








