ব্যুরো নিউজ, ১২ জুলাই ২০২৬ঃ শহরের ঐতিহ্যবাহী অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে রাতারাতি রং বদল ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, একদল যুবক নিজেদের বিজেপি কর্মী পরিচয় দিয়ে জোর করে অ্যাকাডেমির সামনের ঘরে গেরুয়া রং করেছে এবং বিজেপি নেতাদের ছবি টাঙিয়েছে।
এই ঘটনাকে ‘গৈরিকীকরণ’ আখ্যা দিয়ে সরব হয়েছেন বাংলার বিশিষ্ট নাট্যব্যক্তিত্বরা। চন্দন সেন, বিভাস চক্রবর্তী, অরুণ মুখোপাধ্যায়, অশোক মুখোপাধ্যায়, মেঘনাদ ভট্টাচার্য-সহ একাধিক নাট্যকার ও পরিচালক এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে চিঠি দিয়েছেন। চিঠিতে তাঁরা ৮০ বছরের পুরনো এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানে এমন রাজনৈতিক হস্তক্ষেপের তীব্র নিন্দা করেছেন।
চন্দন সেনের দাবি, শমীক ভট্টাচার্য যেহেতু বাংলার থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত, তাই তাঁর কাছেই এই বিষয়ে হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছে। যদিও বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই কাজের সঙ্গে বিজেপির কোনও কর্মী বা নেতার সম্পর্ক নেই। শমীক ভট্টাচার্য আরও বলেছেন, যদি কেউ বিজেপির নাম ভাঙিয়ে এমন কাজ করে থাকে, তবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় কলকাতার সাংস্কৃতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে।








