অজয় মুকুন্দ রানাডে কি কলকাতার নতুন পুলিশ কমিশনার? ডিজি পদে উন্নীত হতেই জল্পনা

অজয় মুকুন্দ রানাডে ডিজি পদে উন্নীত হওয়ার পর থেকেই জল্পনা তুঙ্গে যে তিনিই হতে চলেছেন কলকাতার নতুন পুলিশ কমিশনার। নবান্ন সূত্রে খবর, শীঘ্রই বড় রদবদল।

Share:

ব্যুরো নিউজ, ৪ জুন ২০২৬ঃ রাজ্য পুলিশ প্রশাসনে এক বড়সড় পদোন্নতি ঘিরে জল্পনা তুঙ্গে। রাজ্যের বর্তমান এডিজি ও আইজিপি (আইন-শৃঙ্খলা) অজয় মুকুন্দ রানাডে এবার ডিরেক্টর জেনারেল অব পুলিশ (DG) র‍্যাঙ্কে উন্নীত হলেন। বৃহস্পতিবার রাজ্য স্বরাষ্ট্র দফতরের (পুলিশ সার্ভিস সেল) পক্ষ থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপালের নির্দেশানুসারে ১৯৯৫ ব্যাচের আইপিএস অফিসার অজয় মুকুন্দ রানাডেকে পদোন্নতি দিয়ে ‘ডিরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, আইন-শৃঙ্খলা, পশ্চিমবঙ্গ’ পদে নিযুক্ত করা হয়েছে।

নবান্ন সূত্রে খবর, এই নিয়োগটি ৪ জুন ঘোষণা করা হলেও তা গত ১ মে থেকে কার্যকর বলে গণ্য হবে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তিনি এই দায়িত্ব সামলাবেন। তবে খবর শুধু পদোন্নতিতেই সীমাবদ্ধ নেই। সিনিয়র আইপিএস অফিসার অজয় মুকুন্দ রানাডেকে ডিজি পদে উন্নীত করতেই আমলা ও পুলিশ মহলে নতুন করে জল্পনা ছড়িয়েছে। প্রশ্ন উঠেছে, কলকাতার পুলিশ কমিশনার পদে কি এবার এই সিনিয়র আইপিএস অফিসারকেই বসানো হবে? স্মরণীয় যে, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট ঘোষণার দিনই কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সুপ্রতিম সরকারকে সরিয়ে দেওয়া হয়েছিল। তাঁর জায়গায় এসেছিলেন আইপিএস অফিসার অজয় নন্দা।

নবান্ন সূত্রের দাবি, অজয় নন্দাকে কলকাতার নগরপালের পদ থেকে সরিয়ে অন্য দায়িত্ব দেওয়া হতে পারে এবং তাঁর পরিবর্তে অজয় মুকুন্দ রানাডেকে ওই পদে আনা হতে পারে। নবান্ন সূত্রে আরও বলা হচ্ছে, খুব শিগগির আইপিএস স্তরে বড় রদবদল হতে পারে। শুক্রবার মন্ত্রিসভার দফতর বন্টনের পর যে কোনও দিন তা ঘটে যেতে পারে।