ব্যুরো নিউজ, ২১ জুন ২০২৬ঃ আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে নিয়ন্ত্রণ হারিয়ে খরস্রোতা ভাণ্ডানী নদীতে পড়ে গেল একটি ১৮ চাকার লরি। এই ঘটনায় লরির চালক ও সহকারীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে মেন্দাবাড়ি ও নিমতির মাঝে একটি সেতুর রেলিং ভেঙে লরিটি নদীতে পড়ে যায়। পুলিশ ও এনডিআরএফের উদ্ধারকারী দল রাতে তল্লাশি চালালেও প্রবল স্রোতের কারণে কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। রবিবার সকালে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, মৃতদের নাম আসিফ হোসেন (৪৬) এবং অখিলেশ যাদব (১৯)। তাদের বাড়ি উত্তরপ্রদেশের বিলাসপুর ও রামপুরে। হাসিমারা থেকে নিমতির দিকে যাওয়ার সময় প্রচণ্ড বৃষ্টির মধ্যে লরিটি নিয়ন্ত্রণ হারায়। প্রত্যক্ষদর্শীদের মতে, ফাঁকা রাস্তায় লরিটি হঠাৎই সেতুর রেলিংয়ে ধাক্কা মারে এবং সেটি ভেঙে নদীতে পড়ে যায়। নদীর জলস্তর বেশি থাকায় এবং স্রোত তীব্র হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হয়। পরে রবিবার সকালে লরির কেবিন কেটে দেহ দুটি উদ্ধার করা হয়। উত্তরপ্রদেশে থাকা মৃতদের পরিবারের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করে পুলিশ।







