ব্যুরো নিউজ, ২১ মে ২০২৬ঃ রাজ্য সরকার সরকারি প্রকল্পের টাকা পাঠানোর পদ্ধতিতে বড় পরিবর্তন আনছে। এবার থেকে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) ব্যবস্থার মাধ্যমে সরাসরি আধারের সঙ্গে সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুদানের টাকা পাঠানো হবে। এই নতুন নিয়মের ফলে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-সহ একাধিক প্রকল্পে সুবিধাভোগীদের টাকা পেতে আধার সিডিং করা বাধ্যতামূলক হচ্ছে।
প্রশাসনের মতে, এই পদক্ষেপে সরকারি অনুদান পাঠানোর ক্ষেত্রে স্বচ্ছতা বাড়বে এবং একই ব্যক্তি একাধিক অ্যাকাউন্টে টাকা পাওয়ার সমস্যা কমবে। এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের টাকা সাধারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হলেও, নতুন নিয়মে একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা যাবে, যা আধারের সঙ্গে যুক্ত। এই পরিবর্তনের জেরে ব্যাঙ্ক ও পোস্ট অফিসগুলিতে আধার লিঙ্কিং বা সিডিংয়ের কাজ জোরকদমে শুরু হয়েছে। বহু গ্রাহক লাইনে দাঁড়িয়ে তাঁদের অ্যাকাউন্ট লিঙ্ক করাচ্ছেন।
ব্যাঙ্ক কর্মীরা জানাচ্ছেন, অনেক গ্রাহক এখনও জানেন না তাঁদের অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক করা আছে কিনা। UIDAI পোর্টাল বা ব্যাঙ্কে গিয়ে এই তথ্য যাচাই করা যাবে। যাদের অ্যাকাউন্ট লিঙ্ক করা নেই, তাদের নির্দিষ্ট ফর্ম পূরণ করে বা OTP-র মাধ্যমে তা সম্পন্ন করতে হবে। যারা ব্যাঙ্কের ভিড় এড়াতে চান, তারা পোস্ট অফিসের ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের মাধ্যমেও আধার সিডিং করাতে পারবেন। নতুন এই ব্যবস্থার ফলে সরকারি অনুদান আরও নির্ভুলভাবে উপভোক্তাদের কাছে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।








