অন্নপূর্ণা যোজনা নিয়ে শুভেন্দুর বড় ঘোষণা: ১৭ আগস্ট থেকে টাকা, ১০ আগস্ট যোগ্য তালিকা প্রকাশ

অন্নপূর্ণা যোজনা নিয়ে শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা। ১৭ আগস্ট থেকে টাকা, ১০ আগস্ট যোগ্য উপভোক্তাদের তালিকা প্রকাশ। ২.১৬ কোটি আবেদন জমা পড়েছে।

Share:

ব্যুরো নিউজ, ৭ আগস্ট ২০২৬ঃ অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে অপেক্ষার অবসান হতে চলেছে। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীদের মধ্যে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে কবে থেকে টাকা পৌঁছবে, সেই দিনক্ষণ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে, আগামী ১৭ আগস্ট থেকে অর্থ পাঠানোর কাজ শুরু হবে। তবে তার আগে ১০ আগস্ট প্রকাশ করা হবে উপভোক্তাদের যোগ্যতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য।

এই ঘোষণায় রাজ্যের লক্ষ লক্ষ আবেদনকারীর মধ্যে নতুন করে আশা তৈরি হয়েছে। নবান্নে অন্নপূর্ণা যোজনা নিয়ে একাধিক বিষয় স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামী ১০ আগস্ট জানানো হবে কারা এই প্রকল্পের আওতায় আসছেন এবং সুবিধা পাওয়ার ক্ষেত্রে কী কী যোগ্যতার মাপকাঠি পূরণ করতে হবে। অর্থাৎ, আবেদন করার পর কারা চূড়ান্তভাবে সরকারি সহায়তা পাওয়ার তালিকায় রয়েছেন, তা জানা যাবে ওই ঘোষণার পর। এই তালিকা প্রকাশের পরই শুরু হবে অর্থ বিতরণের প্রক্রিয়া।

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ১০ আগস্টের ঘোষণাটি অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ সেদিনই যোগ্য উপভোক্তাদের তালিকা এবং প্রকল্পের শর্তগুলি সামনে আসবে। প্রকল্পে আবেদনকারীর সংখ্যা নিয়েও বড় তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত অনলাইন ও অফলাইন—দুইভাবেই আবেদন গ্রহণ করা হয়েছে। মোট আবেদনকারীর সংখ্যা ২ কোটি ১৬ লক্ষ। জমা পড়া এই বিপুল সংখ্যক আবেদন যাচাই করে নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে উপভোক্তা বাছাইয়ের পরই টাকা পৌঁছবে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আপাতত সেই চূড়ান্ত তালিকার দিকেই নজর আবেদনকারীদের। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।