ব্যুরো নিউজ, ৬ জুন ২০২৬ঃ ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বীরভূমে ভোট পরবর্তী হিংসার ঘটনায় এবার সরাসরি নাম জড়ালো তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। বন্দুক দেখিয়ে প্রায় ৩০ লক্ষ টাকার ইট লুঠের অভিযোগে তাঁর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ইটভাটা মালিক। অভিযোগকারী শুভেন্দু বিকাশ মণ্ডল জানিয়েছেন, ২০২১ সালে নির্বাচনের ফল বেরোনোর পরই কংকালীতলা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মামন শেখের নেতৃত্বে শতাধিক ট্রাক্টর ও লোকজন নিয়ে তাঁর ‘লায়ন ব্রিক ফিল্ড’ ইটভাটায় চড়াও হয় দুষ্কৃতীরা। প্রত্যেকের হাতে ছিল বোমা ও বন্দুক। প্রাণ ভয়ে কোপাই নদীর তীর ধরে পালিয়ে যান শুভেন্দুবাবু।
অভিযোগ, অনুব্রত মণ্ডলের নির্দেশেই এই লুটপাট চালানো হয়েছিল। সেই সময় প্রায় তিন লক্ষ ইট লুঠ করা হয়। ইটভাটা মালিকের দাবি, পূর্বে বোলপুরে দলীয় কার্যালয়ের জন্য ইট চেয়েছিল, তিনি দিয়েছিলেন। কিন্তু এরপরও টাকা চাওয়া হতো। তোলা দিতে না পারাতেই এই ভয়াবহ ঘটনার শিকার হন তিনি। সেই সময় পুলিশের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা মেলেনি। এমনকি তৎকালীন জেলা শাসক ও পুলিশ সুপারকেও লিখিত অভিযোগ করেও লাভ হয়নি।
সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর সাহস পেয়ে শুভেন্দু বিকাশ মণ্ডল অনুব্রত-সহ মোট ১৩ জনের নামে শান্তিনিকেতন থানায় এফআইআর দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যেই অপরাধমূলক ষড়যন্ত্র, চুরি, ভয় দেখানো, সম্পত্তির ক্ষতি সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। শুভেন্দুবাবু তাঁর লুঠ হওয়া টাকার পুনরুদ্ধার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।







