ব্যুরো নিউজ, ২৮ মে ২০২৬ঃ গরমের ছুটিতে সাঁতার প্রশিক্ষণে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলো ষষ্ঠ শ্রেণির এক ছাত্র। আসানসোলের একটি বেসরকারি স্কুলের সুইমিং পুলে ডুবে মৃত্যু হয়েছে অদ্রিক হিলারিয়ান নামে ওই পড়ুয়ার। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে আসানসোল দক্ষিণ থানা এলাকায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে খবর, আসানসোল দক্ষিণ থানার লোয়ার চেলিডাঙা এলাকার বাসিন্দা অদ্রিক হিলারিয়ান এদিন সকালে স্কুলের সুইমিং পুলে সাঁতার শিখতে গিয়েছিল। গত ২১ মে থেকে ওই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে গরমের ছুটিতে সাঁতারের প্রশিক্ষণ শুরু হয়েছিল। অদ্রিক প্রশিক্ষণে অংশ নিয়েছিল। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বাচ্চাদের চিৎকার শুনে প্রশিক্ষক-সহ অন্যরা ছুটে আসেন বলে জানা গিয়েছে।
জল থেকে উদ্ধার করে অদ্রিককে দ্রুত আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। অন্য অভিভাবকরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন। তাঁদের প্রশ্ন, প্রশিক্ষণের সময় গাফিলতি ছিল কিনা। স্কুলের প্রধান শিক্ষক রবি ভিক্টর সংবাদমাধ্যমের সামনে বলেন, “এটা শোকের মুহূর্ত। সামার ক্যাম্প চলছিল। আমি পরিবারের সঙ্গে আছি। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”








