ব্যুরো নিউজ, ৬ জুন ২০২৬ঃ নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। শনিবার এই দুর্ঘটনার পর বর্ষীয়ান বাম নেতাকে তড়িঘড়ি শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, শনিবার শিলিগুড়ির বাড়িতেই ভারসাম্য হারিয়ে পড়ে যান প্রবীণ সিপিএম নেতা। এর ফলে তাঁর মাথা ফেটে যায় এবং বেশ রক্তক্ষরণ হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ক্ষতস্থানে ছ’টি সেলাই দিতে হয়েছে চিকিৎসকদের।
চোটের গভীরতা বুঝতে দ্রুত তাঁর মাথার সিটি স্ক্যান করানো হয়। পাশাপাশি আরও কিছু জরুরি স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, সমস্ত পরীক্ষার রিপোর্টই স্বাভাবিক এসেছে এবং অশোক ভট্টাচার্য আশঙ্কামুক্ত। স্থানীয় এক বাম নেতা জানিয়েছেন, “অশোকদার অবস্থা আপাতত পুরোপুরি স্থিতিশীল। তাঁর মাথার সামনের দিকে ছ’টি সেলাই পড়েছে ঠিকই, তবে তাঁর হার্টবিট একদম স্বাভাবিক রয়েছে।”
চিকিৎসকেরা জানিয়েছেন, বয়স এবং চোটের ধরণ বিবেচনা করে কোনও রকম ঝুঁকি নিতে চাইছেন না তাঁরা। বর্ষীয়ান এই নেতাকে আপাতত ২৪ থেকে ৪৮ ঘণ্টা চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হবে। প্রাক্তন মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় তাঁর অনুরাগী ও রাজনৈতিক সহকর্মীরা খোঁজখবর নিচ্ছেন।








