অষ্টমীর দিন রাজ্যে সম্পূর্ণ বন্ধ থাকবে মদ বিক্রি, দুর্গাপুজোর বৈঠকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজোর অষ্টমীর দিন রাজ্যে সম্পূর্ণ বন্ধ থাকবে মদ বিক্রি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশ, পুজোয় শৃঙ্খলা ও ধর্মীয় ভাবাবেগ বজায় রাখতে এই সিদ্ধান্ত।

Share:

ব্যুরো নিউজ, ৭ সেপ্টেম্বর ২০২৬: আসন্ন দুর্গাপুজো উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি ও সমন্বয় বৈঠকে একগুচ্ছ গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, মহা অষ্টমীর দিন রাজ্যজুড়ে সমস্ত মদের দোকান ও বার সম্পূর্ণ বন্ধ থাকবে। সেদিন কোথাও কোনওভাবেই মদ বিক্রি করা যাবে না। পুজোয় শৃঙ্খলা ও ধর্মীয় ভাবাবেব বজায় রাখতেই সরকারের এই কড়া পদক্ষেপ বলে জানানো হয়েছে। যদিও, বিগত বছরগুলির হিসাব অনুযায়ী অষ্টমী এবং নবমীর দিনেই মদ বিক্রি থেকে সর্বাধিক রাজস্ব আদায় হয় রাজ্যের।

এরপরেও, পুজোয় যাতে কোনও রকম অশান্তি বা বিশৃঙ্খলা না ঘটে, সেই কথা মাথায় রেখেই প্রশাসন এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী আরও সতর্ক করে দিয়েছেন যে, মা দুর্গার প্রতি মানুষের অকৃত্রিম আস্থা ও বাংলার ঐতিহ্যকে কোনওভাবেই ক্ষুণ্ণ করা যাবে না। প্রতিমা, প্যান্ডেল বা থিম নির্মাণে এমন কিছু করা যাবে না যা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে। এছাড়াও, পুজো কমিটিগুলির জন্য একাধিক নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। মাতৃপক্ষ বা দেবীপক্ষের সূচনা হওয়ার আগে কোনও পুজোর উদ্বোধন করা যাবে না। জাতীয় সড়ক আটকে পুজোর আয়োজন নিষিদ্ধ করা হয়েছে। কলকাতার ক্ষেত্রে রেড রোড ও ক্যাথিড্রাল রোড সহ ১৩টি প্রধান রাস্তায় পুজো করা যাবে না। পুজো ও বিসর্জনের শোভাযাত্রায় ডিজে বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

কোজাগরি লক্ষ্মীপুজোর আগের দিন অর্থাৎ নির্দিষ্ট কাট-অফ ডেটের মধ্যেই সমস্ত প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে হবে। আসন্ন মহালয়ার বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হবে বলেও মুখ্যমন্ত্রী জানান। উৎসবের আনন্দ যাতে সবার মধ্যে সমানভাবে ছড়িয়ে পড়ে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়, তার জন্যই এই সমন্বিত পরিকল্পনা বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।