ব্যুরো নিউজ, ২৪ মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গে অবশেষে চালু হতে চলেছে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি এক উচ্চপর্যায়ের বৈঠকের পর এই ঘোষণা করেছেন। তিনি জানান, আগামী জুলাই মাস থেকেই সাধারণ মানুষের হাতে আয়ুষ্মান ভারত কার্ড তুলে দেওয়া সম্ভব হবে। এই প্রকল্পে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নতুন দিশা পাবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এবং অন্যান্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্যসচিব এবং রাজ্যের স্বাস্থ্যদফতরের গুরুত্বপূর্ণ কর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই রাজ্যে প্রকল্পের অন্তর্ভুক্তির কাজ শুরু হয়েছে। যাঁরা স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় রয়েছেন, তাঁরা স্বয়ংক্রিয়ভাবে আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। পাশাপাশি, নতুন করে যুক্ত হওয়ার সুযোগও থাকছে। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় সরকার ৩,০৭৯ কোটি টাকা অনুমোদন করেছে, যার মধ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য ৯৭৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে। প্রথম ধাপে ৫০০ কোটি টাকা ইতিমধ্যেই রাজ্যের অ্যাকাউন্টে পৌঁছেছে। মুখ্যমন্ত্রী আরও জানান, অর্থাভাবে কোনও স্বাস্থ্য প্রকল্প আটকে থাকবে না।
এছাড়াও, সাধারণ মানুষের ওষুধের খরচ কমাতে ‘প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনা’-র কেন্দ্র সংখ্যা ১৭০ থেকে বাড়িয়ে ৪৭৪ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মহিলাদের স্বাস্থ্য সুরক্ষায় ৩০ মে বিধাননগর হাসপাতালে জরায়ু ক্যানসার স্ক্রিনিং ও টিকাকরণ কর্মসূচির সূচনা হবে। কেন্দ্র-রাজ্য সমন্বয়ে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে এক নতুন অধ্যায় শুরু হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।








