ব্যুরো নিউজ, ২৮ মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গের ক্রীড়া প্রশাসনে আবারও ‘এক ব্যক্তি এক পদ’ নীতি লঙ্ঘনের অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ভারতীয় অলিম্পিক সংস্থা (IOA)-র নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি একাধিক শীর্ষ পদে থাকতে পারবেন না। এই নীতি কার্যকর করতে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন (BOA) ইতিমধ্যেই সংশ্লিষ্টদের চিঠি পাঠিয়েছিল, কিন্তু অভিযোগ, সেই নির্দেশ উপেক্ষা করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু এখনও একাধিক পদে বহাল রয়েছেন।
জানা গেছে, বাবুন বন্দ্যোপাধ্যায় বক্সিং অ্যাসোসিয়েশনের সচিব, রাজ্য টেবিল টেনিস সংস্থার সভাপতি, রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং রাজ্য কবাডি অ্যাসোসিয়েশনের সচিবের মতো একাধিক গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। অন্যদিকে, সুজিত বসুও রাজ্য জুডো অ্যাসোসিয়েশন এবং হকি বেঙ্গলের প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত। BOA-র চিঠি পাওয়ার পরও তাঁরা পদত্যাগ না করায়, এবার তাঁদের উদ্দেশে ফের নতুন করে চিঠি পাঠানো হচ্ছে। এরপরও যদি তাঁরা পদত্যাগ না করেন, তবে তাঁদের সাসপেন্ড করা হবে বলে ইঙ্গিত মিলেছে।
এই পরিস্থিতিতে রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক স্পষ্ট বার্তা দিয়েছেন যে, ক্রীড়া প্রশাসনে রাজনৈতিক প্রভাব বা পরিবারতন্ত্র বরদাস্ত করা হবে না। খেলোয়াড়দের স্বার্থই যে তাদের প্রধান অগ্রাধিকার, সেকথাও জানিয়েছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন। এই বিতর্কের জেরে রাজ্যের ক্রীড়া প্রশাসনে বড় পরিবর্তনের চাপ তৈরি হয়েছে, যা একাধিক সংস্থার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে।








