ব্যুরো নিউজ, ৯ জুন ২০২৬ঃ মুর্শিদাবাদের সামশেরগঞ্জে এক চাঞ্চল্যকর ঘটনায় ১০ বছর ধরে ভারতীয় পরিচয় দিয়ে বসবাস করা এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ রুবেল হক, বাংলাদেশের নওগাঁ জেলার বাসিন্দা।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশি জেরায় জানা গেছে, রুবেল প্রায় এক দশক আগে বেআইনিভাবে ভারতে প্রবেশ করে। এরপর সামশেরগঞ্জের নতুন জালাদিপুর এলাকায় গা ঢাকা দিয়ে বসবাস শুরু করে। ভারতীয় সমাজে মিশে যাওয়ার জন্য সে জাল নথিপত্র ও ভুয়ো পরিচয়পত্র সংগ্রহ করে নিজেকে ‘পাক্কা ভারতীয়’ হিসেবে পরিচয় দিত। সম্প্রতি পুলিশের কাছে এই বিষয়ে খবর পৌঁছালে তারা গোপনে তদন্ত শুরু করে।
রুবেলের বাংলাদেশি নাগরিকত্বের সপক্ষে প্রমাণ মেলায় বুধবার রাতে সামশেরগঞ্জ থানার পুলিশ একটি বিশেষ টিম গঠন করে অভিযান চালায়। এলাকাটি ঘিরে ফেলে রুবেলকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে বেশ কিছু ভারতীয় সরকারি নথি উদ্ধার হয়েছে, যেগুলির সত্যতা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ এই চক্রের সঙ্গে কোনো স্থানীয় দালাল বা জাল নথি প্রস্তুতকারক চক্র জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে। এই গ্রেপ্তারের ফলে সীমান্ত অঞ্চলে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হবে বলে আশা করা হচ্ছে।







