ব্যুরো নিউজ, ৩০ অক্টোবর ২০২৬: আসন্ন কালীপুজো, ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বর্ধমান জেলা প্রশাসন কঠোর নির্দেশিকা জারি করেছে। পুজো কমিটিগুলির সঙ্গে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়। জেলাশাসক শ্বেতা আগরওয়াল এবং মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্রের উপস্থিতিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবচেয়ে উল্লেখযোগ্য নির্দেশ হল, এবার থেকে কোনও পুজো মণ্ডপ বা শোভাযাত্রায় ডিজে (DJ) সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না। পাশাপাশি, রাত ১১টার মধ্যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও মূল পুজো পর্ব শেষ করতে হবে।
বড় মণ্ডপ এবং থিম পুজোর ক্ষেত্রে অতিরিক্ত স্বেচ্ছাসেবক নিয়োগের উপর জোর দেওয়া হয়েছে, যাতে দর্শনার্থীদের ভিড় সামলানো সহজ হয়। ছট পুজো উপলক্ষে ঘাটগুলির আলোকসজ্জা, পুণ্যার্থীদের নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, পুজো কমিটিগুলি যাতে দ্রুত অনুমতি পায়, সে ব্যাপারে সবরকম সহযোগিতা করা হবে। জরুরি প্রয়োজনে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে দ্রুত যোগাযোগের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র পুজো কমিটিগুলিকে নিয়ম মেনে উৎসব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘উৎসব সবার, তাই পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে আমাদের পুজো পরিচালনা করতে হবে।’ সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে প্রতিমা দর্শন ও উৎসব উপভোগ করতে পারেন, তার জন্য প্রশাসন সর্বদা পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি।








