ব্যুরো নিউজ, ১২ অক্টোবর ২০২৬: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ভুয়ো ডেথ সার্টিফিকেট ইস্যু করার অভিযোগে চাঞ্চল্যকরভাবে গ্রেফতার হলেন দুই তৃণমূল কাউন্সিলর সহ তিন জন। ধৃতদের মধ্যে আশিস দেবরায় ও বিকাশ দত্ত নামে দুই তৃণমূল কাউন্সিলর ছাড়াও রয়েছেন বিধায়ক বিভাস সর্দারের ঘনিষ্ঠ বলে পরিচিত জয়দেব সাহা। এই ঘটনায় বারুইপুর পূর্বের রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে খবর, কিছুদিন আগেই বারুইপুরে তিন ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করা হয়েছিল।
সেই ঘটনার তদন্তে নেমে বারুইপুর থানার পুলিশ জানতে পারে যে, পৌরসভার একাধিক কাউন্সিলর এই ভুয়ো চিকিৎসকদের মাধ্যমে মৃত ব্যক্তিদের নামে ডেথ সার্টিফিকেট ইস্যু করাতেন। টাকার বিনিময়ে এই ভুয়ো সার্টিফিকেট তৈরি করা হত বলে অভিযোগ। বিজেপির অভিযোগের ভিত্তিতেই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস জানিয়েছেন, তদন্তে ভুয়ো ডেথ সার্টিফিকেট চক্রের সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলায় রবিবার ওই তিনজনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় শাসকদলের একাধিক নেতার নাম জড়ানোয় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। বিজেপির অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে এই ধরনের দুর্নীতি অবাধে চলছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পর তদন্তকারীরা একে একে এই ধরনের দুর্নীতির পর্দা ফাঁস করছেন। এই গ্রেফতারি সেই বৃহত্তর দুর্নীতিরই অংশ বলে মনে করা হচ্ছে। পুলিশ এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখছে।








