রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর! বাজেটে DA বৃদ্ধির জোরালো সম্ভাবনা

রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর! আসন্ন বাজেটে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির জোরালো সম্ভাবনা। মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের বার্তায় আশাবাদী কর্মীরা।

Share:

ব্যুরো নিউজ, ১৯ জুন ২০২৬ঃ আর মাত্র তিন দিন পরই রাজ্য বাজেট পেশ হতে চলেছে। এই বাজেট ঘিরে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিজেপি সরকারের প্রথম বাজেটেই সরকারি কর্মীদের জন্য সুখবর আসতে পারে বলে জোর জল্পনা চলছে। সূত্রের খবর অনুযায়ী, আসন্ন বাজেটে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হতে পারে। এর আগে পয়লা জুন রাজ্যের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসেন।

সেই বৈঠকে মুখ্যমন্ত্রী কর্মীদের আশ্বাস দিয়েছিলেন যে, ষষ্ঠ বেতন কমিশনের ভিত্তিতে থাকা বকেয়া ডিএ নিয়ে ২২ জুন পেশ হতে চলা রাজ্য বাজেটে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে সকল সরকারি কর্মী অধীর আগ্রহে বাজেটের দিকে তাকিয়ে রয়েছেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই সরকারি কর্মীদের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, “আমাদের কর্মচারীদের সপ্তম পে কমিশনের কমিটি গঠন করা হয়েছে। বকেয়া ডিএ সহ অন্যান্য বিষয় ২২ জুন আমাদের বাজেটে থাকবে।”

তিনি আরও জানান, প্রায় ৩ লক্ষ কর্মচারী ও পেনশনারদের বকেয়া ডিএ-র একটি অংশ ইতিমধ্যে ক্লিয়ার করা হয়েছে। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালও ডিএ নিয়ে একটি ভুয়ো বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে জারি করা বিজ্ঞপ্তিতে ইঙ্গিত দিয়েছেন। তিনি সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের ২২শে জুন ২০২৬ তারিখে পেশ হতে চলা রাজ্য বাজেট পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে বলেছেন। মুখ্যসচিবের এই বার্তার পর বাজেটে ডিএ বৃদ্ধির জল্পনা আরও জোরালো হয়েছে। সরকারি কর্মীরা মনে করছেন, এই বাজেট তাদের জন্য সত্যিই সুখবর বয়ে আনবে।