ব্যুরো নিউজ, ২৭ মে ২০২৬ : রাজ্যে নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠকগুলিকে হাতিয়ার করে একের পর এক জনমুখী সিদ্ধান্তের কথা ঘোষণা করছেন। সম্প্রতি কল্যাণীর প্রশাসনিক বৈঠক থেকে তিনি একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বড় ঘোষণা করেছেন। এর মধ্যে অন্যতম হলো শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থানের আশপাশে মদের দোকান বন্ধ করা।
মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, স্কুল, কলেজ ও মন্দিরের এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো মদের দোকানকে অনুমতি দেওয়া হবে না। এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা হবে, যা শিক্ষা ও ধর্মীয় পরিবেশকে আরও সুরক্ষিত ও নিয়ন্ত্রিত রাখতে সহায়ক হবে বলে প্রশাসন মনে করছে। এছাড়াও, এদিনের ঘোষণাগুলির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ‘অন্নপূর্ণা যোজনা’। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ২৭ মে থেকেই এই প্রকল্পের আবেদনপত্র বিতরণ শুরু হবে এবং সকল ভারতীয় নাগরিক এই সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের প্রতি মাসে তিন হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। সাধারণ নিম্নবিত্ত মানুষের জন্য কম খরচে খাবারের ব্যবস্থাও করতে চলেছে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, রাজ্যের বিভিন্ন জেলায় প্রায় ৪০০টি বিশেষ ক্যান্টিন তৈরি করা হবে, যেখানে মাত্র পাঁচ টাকায় মাছ-ভাত পরিবেশন করা হবে। স্বাস্থ্য পরিষেবাতেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তিনি জানান, আয়ুষ পরিষেবাকে একটি স্বতন্ত্র দফতর হিসেবে গঠন করা হবে। কল্যাণীর এই বৈঠক থেকে ঘোষিত জনকল্যাণমূলক প্রকল্পগুলি রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।








