বেঙ্গল সাফারি পার্কে সিংহ-কৃষ্ণসার সহ ৭ বন্যপ্রাণীর মৃত্যু, কর্তৃপক্ষের নীরবতা নিয়ে প্রশ্ন

বেঙ্গল সাফারি পার্কে গত তিন মাসে সিংহ, কৃষ্ণসার হরিণ সহ ৭ বন্যপ্রাণীর মৃত্যু। কর্তৃপক্ষের নীরবতা নিয়ে উঠছে প্রশ্ন।

Share:

ব্যুরো নিউজ, ১৪ অক্টোবর ২০২৬: বেঙ্গল সাফারি পার্কে গত তিন মাসে সাতটি বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে, যার মধ্যে সিংহ ও কৃষ্ণসার হরিণের মতো ‘শিডিউল-১’ অন্তর্ভুক্ত প্রাণীও রয়েছে। এই ঘটনাকে ঘিরে পার্ক কর্তৃপক্ষের নীরবতা গভীর প্রশ্নের তৈরি করেছে।

পার্ক সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ১লা জুলাই থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত এই তিন মাসের মধ্যে মোট সাতটি বন্যপ্রাণীর প্রাণহানি ঘটেছে। একই সময়ে মাত্র একটি কৃষ্ণসার হরিণের জন্ম হয়েছে, যা মৃত্যুর সংখ্যার তুলনায় নগণ্য।

গত ১৬ই জুলাই একটি স্ত্রী কৃষ্ণসার হরিণের মৃত্যুর পর ১৮ই জুলাই একই দিনে প্রাণ হারায় একটি পুরুষ সিংহ এবং একটি স্ত্রী স্পেকট্যাকলড লেঙ্গুর বা চশমা বাঁদর। এর কিছুদিন পরই ২২শে জুলাই একটি পুরুষ ওয়াইল্ড ডগ এবং ২৭শে জুলাই একটি পুরুষ আর্গাস ফিজ্যান্ট পাখির মৃত্যু ঘটে। আগস্ট মাসেও এই মৃত্যুর মিছিল থামেনি। ৬ই আগস্ট একটি পুরুষ হিমালয়ান শকুন এবং ১৫ই আগস্ট একটি অত্যন্ত বিরল প্রজাতির স্ত্রী ব্রাউ অ্যান্টলার্ড ডিয়ার বা স্যাঙ্গাই হরিণ প্রাণ হারায়।

পরপর এতগুলি প্রাণীর মৃত্যু হলেও বেঙ্গল সাফারি পার্কের আধিকারিকরা এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। মৃত্যুর কারণ সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এই ঘটনায় পরিবেশপ্রেমী এবং বন্যপ্রাণ সংরক্ষণ কর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, অবিলম্বে এই মৃত্যুর কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক এবং কর্তৃপক্ষের স্বচ্ছতা বজায় রাখা হোক।