ভাঙড়ে জমি দখলের চেষ্টা! দিনমজুরের বাড়িতে হামলা ও বোমাবাজির অভিযোগ আইএসএফের বিরুদ্ধে

ভাঙড়ের কাশীপুরে জমি দখলকে কেন্দ্র করে দিনমজুরের বাড়িতে হামলা, ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। তদন্ত শুরু পুলিশের।

Share:

ব্যুরো নিউজ, ১ নভেম্বর ২০২৬: ভাঙড়ে জমি দখলের অভিযোগ ঘিরে তৈরি হল চরম চাঞ্চল্য। উত্তর কাশীপুর থানার সোনপুর এলাকায় রাতের অন্ধকারে এক দিনমজুর রাজমিস্ত্রির বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও বোমাবাজির অভিযোগ উঠল আইএসএফের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে।

স্থানীয় বাসিন্দা মাজেদ গোলদারের অভিযোগ, মুখে কালো কাপড় বেঁধে দলবল নিয়ে তাঁর বাড়িতে চড়াও হয় আইএসএফ নেতা সাজ্জাদ মোল্লা ও বিডিও অফিসের কন্ট্রাক্টর ছাকাবাত মোল্লা। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে তিনি যে সরকারি খাস জমিতে বসবাস করছেন, সেটি দখল করতেই এই হামলা চালানো হয়েছে। হামলাকারীরা তাঁর বাড়ি ভাঙচুর ও লুটপাট করার পাশাপাশি বোমাবাজি করে এবং তাঁকে মারধরও করে।

বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি অবনী মণ্ডল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে প্রশাসনের পদক্ষেপের দাবি জানিয়েছেন। তিনি বলেন, “আইএসএফ ভয়ংকর খেলায় নেমেছে।” অন্যদিকে, আইএসএফের ভাঙড়-২ ব্লকের সভাপতি শরিফুল লস্কর এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তবে, যদি কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও তীব্র চাপানউতোর শুরু হয়েছে এবং গোটা কাশীপুর এলাকার স্থানীয়দের মাঝে প্রবল আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার সত্যতা যাচাই এবং অভিযুক্তদের যোগসূত্র খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ।