এভারেস্টে ভয়াবহ আগুনে বাঙালি পর্বতারোহীদের সর্বস্ব ভস্মীভূত, ভারত সরকারের কাছে কাতর আর্তি

এভারেস্টে ট্রেকিং করতে গিয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২৯ জন বাঙালি পর্বতারোহীর সর্বস্ব ভস্মীভূত। দেশে ফেরার জন্য ভারত সরকারের কাছে কাতর সাহায্যের আবেদন।

Share:

ব্যুরো নিউজ, ১ নভেম্বর ২০২৬: নেপালে এভারেস্টের ট্রেকিং করতে গিয়ে ভয়াবহ বিপদের মুখে পড়লেন ২৯ জন বাঙালি পর্বতারোহী।

গত ২১শে অক্টোবর বসিরহাটের ট্রাভেলার্স গিল্ডের তত্ত্বাবধানে এই দলটি এভারেস্ট অভিযানে রওনা দিয়েছিল। গত ৩০শে অক্টোবর, যখন ১৯ জন পর্বতারোহী ডিংবোচে বেসক্যাম্পের একটি হোটেলে বিশ্রাম নিচ্ছিলেন, তখনই ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করে আগুন ধরে যায়। সৌভাগ্যবশত, আগুনের গ্রাস থেকে তাঁরা প্রাণে বেঁচে গেলেও তাঁদের সঙ্গে থাকা সমস্ত টাকা, পোশাক এবং প্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

এই ঘটনার পর তাঁরা পাশের একটি হোটেলে আশ্রয় নিয়েছেন। কিন্তু তাঁদের কাছে এখন আর গরম জামাকাপড়, উপযুক্ত জুতো বা বরফের মধ্যে দিয়ে ফেরার মতো কোনো সরঞ্জাম নেই। তার সাথে সাথে চরম আর্থিক সংকটেও পড়েছেন তাঁরা।

এই পরিস্থিতিতে, অসহায় পর্বতারোহীরা ভারত সরকারের কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন। তাঁদের মূল দাবি, দ্রুত হেলিকপ্টারের মাধ্যমে তাঁদের দেশে ফিরিয়ে নিয়ে আসা হোক।