ব্যুরো নিউজ, ২৩ মে ২০২৬ঃ রাজ্যের স্কুলশিক্ষা দফতরে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামী ২৮ ও ২৯ মে রাজ্যের সমস্ত জেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ডিআই-দের (স্কুল পরিদর্শক) নিয়ে একটি জরুরি প্রশাসনিক পর্যালোচনামূলক বৈঠক ডেকেছে বিকাশ ভবন। স্কুলশিক্ষা কমিশনারের জারি করা নির্দেশিকা অনুযায়ী, এই বৈঠকটি সম্পূর্ণ ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে। গুগল মিটের মাধ্যমে পরিদর্শকদের এই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে।
বিকাশ ভবন সূত্রে খবর, দুই দিনের এই বৈঠকে মোট ৯টি সুনির্দিষ্ট আলোচ্যসূচি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ও তাৎপর্যপূর্ণ বিষয় হলো— বিদ্যালয়গুলিতে ‘বন্দে মাতরম’ গান গাওয়ার সূচনা করা। এছাড়াও শিক্ষক-শিক্ষিকাদের যুক্তিযুক্তকরণ বা রদবদল নীতি নিয়েও আলোচনা হবে। অন্যান্য আলোচ্য বিষয়গুলির মধ্যে রয়েছে গরমের ছুটির পর স্কুল খোলা, সরকারি স্তরে খরচ সংকোচন নীতি , আইসিটি এবং আধার সংক্রান্ত সমস্যা, স্কুলগুলিতে সরকারি পাঠ্যপুস্তক বিতরণ, পেনশন সংক্রান্ত বকেয়া মামলার নিষ্পত্তি, মানবিক কারণে চাকরির আবেদনসমূহ এবং ১০০ পয়েন্ট রোস্টার সংক্রান্ত বিষয়।
কাজের সুবিধার্থে সমগ্র রাজ্যকে ভৌগোলিক অবস্থান অনুযায়ী দু’দিনে ভাগ করা হয়েছে। ২৮ মে উত্তরবঙ্গ ও সংলগ্ন জেলাগুলির ডিআইরা বৈঠকে যোগ দেবেন এবং ২৯ মে দক্ষিণবঙ্গ ও কলকাতার দিকের জেলাগুলির পরিদর্শকদের সঙ্গে আলোচনা হবে। এই নির্দেশিকা ইতিমধ্যেই জেলাশাসক ও স্কুলশিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্য সচিবের দফতরে পাঠানো হয়েছে।








