বীরভূমে ফলের রস কারখানার আড়ালে কোটি টাকার বেআইনি মদের রমরমা, আবগারি হানায় পর্দাফাঁস

বীরভূমের মুরারইয়ে ফলের রস কারখানার আড়ালে কোটি টাকার বেআইনি মদের কারবার ফাঁস। আবগারি দপ্তরের অভিযানে উদ্ধার ২.৩০ কোটি টাকার জাল মদ ও সরঞ্জাম।

Share:

ব্যুরো নিউজ, ৮ অক্টোবর ২০২৬: বীরভূমের মুরারইয়ে ফলের রস ও পানীয় জলের কারখানার আড়ালে চলছিল কোটি টাকার বেআইনি মদের কারবার। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার হরিণপুর–জঙ্গিপুর রোডের ধারে একটি টিনের চাল দেওয়া চত্বরে অভিযান চালায় আবগারি দপ্তর ও পুলিশ।

আবগারি দপ্তরের এই দীর্ঘ অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সন্দেহভাজন জাল বিদেশি মদ তৈরির সামগ্রী। এর মধ্যে রয়েছে একাধিক বিদেশি মদের বোতল, প্যাকেট, বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, প্লাস্টিকের ড্রাম-সহ মদ তৈরি ও প্রক্রিয়াকরণের কাজে ব্যবহৃত একাধিক সরঞ্জাম।

আবগারি দপ্তরের দাবি করে, উদ্ধার হওয়া লিকারের বাজারমূল্য প্রায় ২ কোটি ৩০ লক্ষ টাকা। যদিও সরঞ্জামগুলির বাজারমূল্য এখনও সঠিকভাবে নিরূপণ করা যায়নি। আবগারি পুলিশ সুপার তনয় গুহ জানিয়েছেন, “এখনও পর্যন্ত উদ্ধার হওয়া লিকারের বাজারমূল্য প্রায় ২ কোটি ৩০ লক্ষ টাকা। তবে সরঞ্জামগুলির বাজারমূল্য এখনও পর্যন্ত ঠিক ভাবে বলা যাচ্ছে না।”

দীর্ঘদিন ধরেই এই কারখানায় বেআইনিভাবে মদ তৈরি হচ্ছিল বলে পুলিশের কাছে খবর আসছিল। সেই তথ্যের ভিত্তিতেই এই বিশেষ অভিযান চালানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মুরারই সহ বীরভূমের বিস্তীর্ণ এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আবগারি দপ্তরের এই বড় অভিযানে জাল মদের কারবারের পর্দাফাঁস হওয়ায় সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

বর্তমানে তদন্তকারীরা খতিয়ে দেখছেন এই চক্রের পিছনে আর কারা জড়িত এবং এর সঙ্গে কোনও বড় চক্রের যোগ আছে কিনা। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানা গেছে।