ব্যুরো নিউজ, ২৩ অক্টোবর ২০২৬: রাজ্যে পালাবদলের পর প্রথম দুর্গাপুজোয় বিজেপির বুক স্টলে এবার রেকর্ড বই বিক্রি হল।
বিজেপি এবং গেরুয়াপন্থী বিভিন্ন সংগঠনের স্টল মিলিয়ে বদলের বাংলায় ২ কোটি টাকার বেশি বই বিক্রি হয়েছে। সব চেয়ে বেশি বিক্রি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে লেখা একাধিক বই। এবার বুক স্টলে চাহিদার কথা ভেবে বেশি করে রাখা হয়েছিল ২৫ বছর প্রশাসক হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বই। এছাড়াও, ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, তাঁর রাজনৈতিক দর্শন এবং কাশ্মীরে তাঁর অবদান সম্পর্কিত বইয়েরও চাহিদা ছিল তুঙ্গে।
মোদি ও শ্যামাপ্রসাদকে নিয়ে বইগুলি বিভিন্ন স্টলে ব্যাপক সাড়া ফেলেছে। এবার গেরুয়া শিবিরের প্রায় ২৫০০টি স্টল হয়েছিল রাজ্যজুড়ে। কলকাতা পুর এলাকাতেই ছিল ২০০-র বেশি স্টল। পুজোয় বুকস্টলের দায়িত্বে থাকা বিজেপির রাজ্য সহ-সভাপতি অমিতাভ রায় জানিয়েছেন, “দলের ৪০টি সাংগঠনিক জেলায়, প্রতি জেলা পিছু দুই থেকে আড়াই লক্ষ টাকার বই বিক্রি হয়েছে। এ ছাড়াও, ব্যক্তিগতভাবে এবং বিভিন্ন সংগঠন ২০ থেকে ৩০ হাজার টাকার বই নিয়ে গিয়েছিল। সব মিলিয়ে ২ কোটি টাকার বেশি বই বিক্রি হয়েছে।”
দলের সাহিত্য ইনচার্জ সপ্তর্ষি চৌধুরী বলেন, “মোদিজির উপর এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে বইয়ের চাহিদা ছিল। এ ছাড়া, পার্টির বিভিন্ন পত্রপত্রিকার চাহিদাও ভালো ছিল।” এই বিপুল বই বিক্রি রাজ্যের রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।








