বিজয়া দশমীর অনুষ্ঠানে ধুন্ধুমার, হারোয়ায় সিপিএম-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গোপালপুর

হারোয়ার গোপালপুরে বিজয়া দশমীর সাংস্কৃতিক অনুষ্ঠানে সিপিএম-বিজেপি সংঘর্ষ। সিপিএম কর্মীদের বের করে দেওয়ার অভিযোগ ঘিরে তুলকালাম। পুলিশ পরিস্থিতি সামলায়।

Share:

উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার গোপালপুর গ্রামের লেবুতলা এলাকায় বিজয়া দশমীর সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটল।

অভিযোগ, সিপিএম কর্মী-সমর্থকদের অনুষ্ঠান থেকে বেরিয়ে যেতে বলাকে কেন্দ্র করে বিজেপি ও সিপিএম কর্মীদের মধ্যে তুমুল হাতাহাতি ও মারপিট হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং উৎসবের আনন্দ বিঘ্নিত হয়। স্থানীয় সূত্রে খবর, বিজয়া দশমী উপলক্ষে লেবুতলা এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

সেই অনুষ্ঠানে সিপিএম কর্মী-সমর্থকরা উপস্থিত হলে তাঁদেরকে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বলা হয় বলে অভিযোগ। এরপরই দু’পক্ষের মধ্যে প্রথমে তীব্র বাদানুবাদ শুরু হয়, যা মুহূর্তের মধ্যে হাতাহাতি ও মারপিটে পরিণত হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাড়োয়া থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং দু’পক্ষকে ছত্রভঙ্গ করা হয়। সিপিএমের অভিযোগ, বিজেপির লোকেরাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের কর্মীদের অনুষ্ঠান থেকে বের করে দিতে চেয়েছিল, যার ফলস্বরূপ এই সংঘর্ষের ঘটনা ঘটে।

তাদের দাবি, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান দেখতে যাওয়া কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। যদিও বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের পাল্টা দাবি, সিপিএম কর্মীরাই উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোরালো করেছে। এই ঘটনায় সিপিএমের পক্ষ থেকে হাড়োয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে।