ব্যুরো নিউজ, ২১ সেপ্টেম্বর ২০২৬: ঘটনাটি ঘটেছে ভাঙড় এক নম্বর ব্লকের মাধবপুর থানার সামনে। অভিযোগ বিজেপি ও আইএসএফের মধ্যে ব্যাপক সংঘর্ষ, সংঘর্ষ নিয়ন্ত্রণে গিয়ে এক পুলিশ অফিসার-সহ মোট চারজন পুলিশকর্মী আক্রান্ত হন বলে অভিযোগ। আহতদের উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পাশাপাশি পথচলতি সাধারণ মানুষকেও মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ।
বিজেপির অভিযোগ, মাধবপুর থানা এলাকার ঝিঝিরআইটে বিজেপি কর্মী নাজমুল মোল্লার উপর হামলা চালায় আইএসএফ কর্মীরা। সংখ্যালঘু সম্প্রদায়ের হয়েও বিজেপির কর্মসূচিতে যোগ দেওয়ায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। হামলায় নাজমুল মোল্লার মাথা ফেটে যায় বলে দাবি বিজেপির।
এরপর আহত কর্মীকে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করিয়ে মাধবপুর থানায় লিখিত অভিযোগ জানাতে আসেন বিজেপি নেতৃত্ব। সেই সময় ফের বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে আইএসএফের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি ও মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হন।
যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করে পালটা দাবি করেছে আইএসএফ। আইএসএফ নেতা শাহাবুদ্দিন সিরাজির অভিযোগ, তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া কয়েকজনের নেতৃত্বে আইএসএফ কর্মীদের উপর হামলা চালানো হয়। সেই বিষয়ে থানায় কথা বলতে গেলে তাঁদের উপর ফের হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী আহত হয় বলে আয় অভিযোগ।
তবে এই ঘটনায় উভয় পক্ষই মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।








