নেতা হয়ে বসে খাওয়ার দিন শেষ! কর্মীদের সতর্ক করে জিতেন্দ্র বললেন, ‘বায়োডাটা দিন, কাজ পাবেন’

বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি দলের কর্মীদের কড়া বার্তা দিয়েছেন। নেতা হয়ে বসে খাওয়ার দিন শেষ, যোগ্যতাই হবে কাজের একমাত্র মাপকাঠি।

Share:

ব্যুরো নিউজ, ২ নভেম্বর ২০২৬: বিজেপি নেতা হলেই আর বসে বসে অর্থ উপার্জনের সুযোগ নেই। দলের পরিচয়কে হাতিয়ার করে রোজগার বরদাস্ত করা হবে না। দলের হয়ে কাজ করতে হলে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে, জমা দিতে হবে বায়োডাটা। যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী মিলবে কাজের সুযোগ।

পাণ্ডবেশ্বরের নবগ্রামে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে দলের নেতাকর্মীদের উদ্দেশে এমনই কড়া বার্তা দিলেন পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। বিধায়কের কথায়, “ছ’মাস আগে এলাকার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সরকারে আসার এই ক’দিনের মধ্যেই এলাকার বেকার যুবক-যুবতীদের কাজের সুযোগ করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।” তিনি বায়োডাটা জমা দেওয়ার আহ্বান জানান। শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে তাঁদের কাজ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান বিধায়ক।

তবে এই কর্মসংস্থানের উদ্যোগে প্রথম তালিকায় দলের নেতাকর্মীদের রাখার কথাও স্পষ্ট করেন জিতেন্দ্র তিওয়ারি। অর্থাৎ বিজেপির নেতা-কর্মীরাও কাজের সুযোগ পাবেন, কিন্তু তাঁদের ক্ষেত্রেও যোগ্যতাই হবে প্রধান মাপকাঠি। রাজনৈতিক পরিচয় দেখিয়ে কোনও বাড়তি সুবিধা পাওয়া যাবে না। এই বার্তা দলের পুরনো কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে উদ্দীপনা সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।