বিজেপি সাংসদকে খুনের হুমকি পোস্টার, পুলিশের দ্বারস্থ জ্যোতির্ময়, চাঞ্চল্য পুরুলিয়ায়

পুরুলিয়ায় বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে খুনের হুমকি পোস্টার উদ্ধার। ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা, পুলিশের দ্বারস্থ সাংসদ, মাওবাদী যোগের সন্দেহ।

Share:

ব্যুরো নিউজ, ৪ জুন ২০২৬ঃ বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে খুনের হুমকি দিয়ে পোস্টার উদ্ধার হওয়ায় পুরুলিয়া জেলায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সাংসদকে ‘খুন’ করতে পারলে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে এই পোস্টার কোটশিলা থানা এলাকায় উদ্ধার হয়েছে বলে জানা গেছে। বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর নামে এই পোস্টার ঘিরে জেলাজুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। রাজ্য সরকারের ‘বুলডোজার অপারেশন’ নিয়ে পুরুলিয়ার সাংসদকে নিশানা করে এই পোস্টার দেওয়া হয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পুরুলিয়ার সাংসদ পুলিশ সুপারকে লিখিতভাবে অভিযোগ জানান। তিনি স্পষ্টতই সন্দেহ প্রকাশ করেছেন যে, এর পিছনে চরমপন্থী বা নকশালপন্থীদের হাত থাকতে পারে। অতীতে এই জেলা মাও উপদ্রুত থাকলেও বর্তমান সময়ে মাওবাদীদের কোনও কার্যকলাপ নেই। তবে পোস্টারের বিষয়বস্তু এবং ভাষার সঙ্গে চরমপন্থী ও মাওবাদী-নকশালপন্থীদের মিল রয়েছে বলে সাংসদ অভিযোগপত্রে উল্লেখ করেছেন। উদ্ধার হওয়া পোস্টারটি সাদা কাগজের ওপর নীল কালিতে লেখা, যেখানে সাধারণত সিপিআই (মাওবাদী) পোস্টার লাল কালিতে লেখা হয় এবং নিচে তাদের পার্টির নাম থাকে।

এক্ষেত্রে পোস্টারের নিচে কোনও নাম না থাকায় কারা এই পোস্টার দিল, তা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। মানভুঁইয়া ভাষায় লেখা পোস্টারে মাঝিডি এবং খৈরি মোড় এলাকার নাম উল্লেখ করে বলা হয়েছে, “যবে থেকে বিজেপি সরকার এসেছে কারো জীবনে শান্তি নাই, পুরুলিয়ায় যেভাবে ঘর ভাঙছে তাতে জ্যোতির্ময়কে মারা উচিৎ।” এবং হুঁশিয়ারি দেওয়া হয়েছে, “যদি ভাঙে তাহলে আর ঘুরে ঘর যাতে পারবেক নাই।” সাংসদ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।