ব্যুরো নিউজ, ৭ জুন ২০২৬ঃ রাজ্যে ক্ষমতা দখলের পর প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একুশের বিধানসভা নির্বাচনের পর রাজ্যে ঘটে যাওয়া ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি এবং এককালীন আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি। রবিবার নিউটাউনের কনভেনশন সেন্টারে এক সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, আগামী জুন মাসেই ৩১৫ জন নিহত বিজেপি কর্মীর পরিবারের একজন সদস্যকে নিয়োগপত্র দেওয়া হবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে প্রত্যেক পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে।
একুশের বিধানসভা নির্বাচনের আগে থেকেই শুভেন্দু অধিকারী এই কর্মীদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। সে সময় বিজেপি রাজ্যে ক্ষমতা দখল করতে না পারলেও, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করে। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী এই প্রতিশ্রুতি পূরণের দিকে নজর রেখেছিলেন। তাঁর এই ঘোষণা নিহত কর্মীদের পরিবারগুলির দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যজুড়ে ব্যাপক রাজনৈতিক হিংসার অভিযোগ উঠেছিল। বিজেপি অভিযোগ করেছিল, তাদের ৩২১ জন কর্মীকে খুন করা হয়েছে এবং বহু কর্মী ঘরছাড়া হয়েছিলেন। সেই সময় থেকেই বিজেপি এই কর্মীদের জন্য ন্যায় ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে আসছিল। বর্তমান মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ সেই দাবিরই প্রতিফলন বলে রাজনৈতিক মহলে চর্চা চলছে।








