সিএএ হিংসা: ২০১৯-এর ঘটনার নবীন তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর, ক্ষতিপূরণ আদায়ে কড়া পদক্ষেপ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে ২০১৯ সালের সিএএ বিরোধী হিংসার ঘটনার নবীন তদন্ত শুরু। সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের কড়া পদক্ষেপ।

Share:

ব্যুরো নিউজ, ৬ জুন ২০২৬ঃ রাজ্য জুড়ে ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী আন্দোলনের নামে ঘটা হিংসা ও সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনাগুলির নবীন তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল (ডিজি) সিদ্ধনাথ গুপ্তকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। নবান্নে মুখ্যসচিব মনোজ আগরওয়াল সচিব ও ডিএম-দের এমনই ইঙ্গিত দিয়েছেন যে, সিএএ হিংসার তদন্তে একটি বিশেষ সেল গঠন করার পরিকল্পনা রয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রাজ্য পুলিশের একটি ‘বিশেষ সেল’ গঠন করে পুরনো অভিযোগগুলির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। এই সেলের প্রধান কার্যালয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে খোলা হবে। পুরনো অভিযোগ খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে নতুন করে আইনি ফাইল তৈরি করা হবে। রেলের সম্পত্তি নষ্টের ঘটনাগুলির তদন্তে জিআরপি বা রেল পুলিশের সহযোগিতা নেওয়া হবে।

সবচেয়ে বড় সিদ্ধান্ত হল, তদন্তে প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকেই সরকারি সম্পত্তি নষ্টের সম্পূর্ণ আর্থিক ক্ষতিপূরণ আদায় করা হবে। উল্লেখ্য, ২০১৯ সালে সিএএ পাশ হওয়ার পর দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়, যার আঁচ এ রাজ্যেও পড়েছিল। বাসে আগুন, রেলের সম্পত্তি নষ্ট সহ একাধিক অভিযোগ ওঠে। ক্ষমতা বদলের পর এবার সেই সমস্ত পুরনো ফাইল খুলেই কোমর বেঁধে ময়দানে নামছে নতুন প্রশাসন।