কোরবানির আগে পশু জবাই ইস্যুতে হাইকোর্টে তৃণমূল, বিশেষ ছাড়ের দাবি

কোরবানি ইদের আগে পশু জবাই সংক্রান্ত সরকারি নিয়মে ছাড় চেয়ে কলকাতা হাইকোর্টে তৃণমূল। বিশেষ ছাড়ের দাবিতে মামলা দায়ের।

Share:

ব্যুরো নিউজ, ২০ মে ২০২৬ঃ সামনেই কোরবানি ইদ। তার আগে রাজ্যে পশু জবাই সংক্রান্ত সরকারি নির্দেশিকাকে ঘিরে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। এই পরিস্থিতিতে, তৃণমূল বিধায়ক আখরুজ্জামান এবং সাংসদ মহুয়া মৈত্র সহ একাধিক নেতা পশু জবাই সংক্রান্ত সরকারি নিয়মে বিশেষ ছাড়ের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

তাঁদের দাবি, আসন্ন উৎসবের কথা মাথায় রেখে এই নির্দেশিকায় কিছু ছাড় দেওয়া হোক। রাজ্য সরকার সম্প্রতি ১৯৫০ সালের প্রাণিসম্পদ আইন অনুযায়ী কিছু নিয়ম কার্যকর করেছে। এই নিয়ম অনুযায়ী, প্রশাসনের অনুমোদন ছাড়া গবাদি পশু হত্যা করা যাবে না এবং ১৪ বছরের কম বয়সী গবাদি পশুকে জবাই করা যাবে না। মাংস কাটার ক্ষেত্রেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি প্রয়োজন।

তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, কোরবানি ইদ মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনের ১২ নম্বর ধারায় যে ছাড়ের উল্লেখ আছে, তা সামনে রেখে ছাড় চাওয়া হচ্ছে। তাঁরা গরু বাদ দিয়ে মোষ বা বলদ কোরবানির অনুমতি দেওয়ার আবেদন জানিয়েছেন। মহুয়া মৈত্র বলেন, গরু জবাই বন্ধ হলে অনেক হিন্দুও আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। বিধায়ক আখরুজ্জামান বলেন, সরকারি নির্দেশিকার ফলে বহু মানুষ বিপাকে পড়েছেন। এই জনস্বার্থ মামলাগুলির শুনানি বৃহস্পতিবার হবে বলে আদালত জানিয়েছে।