পার্ক সার্কাস কাণ্ড টেনে ‘আমার চেয়ে খারাপ কেউ হবে না’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর

আইনশৃঙ্খলা ভাঙলে কড়া হাতে মোকাবিলা করা হবে, পার্ক সার্কাস কাণ্ড টেনে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সংবিধান মেনে কাজ করবে সরকার, জানালেন তিনি।

Share:

ব্যুরো নিউজ, ১২ জুন ২০২৬ : বাংলায় নতুন বিজেপি সরকার গঠনের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এক সাংবাদিক বৈঠক থেকে তিনি উগ্রপন্থী ও আইন অমান্যকারীদের প্রতি চরম হুঁশিয়ারি দিলেন।

স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন, ধর্মের দোহাই দিয়ে যারা রাজ্যে আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে নবান্ন কঠোর পদক্ষেপ নেবে। এদিন পার্ক সার্কাসের বিতর্কিত বিক্ষোভের ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জবাব দেন। অতীতে বা বর্তমানে ধর্মকে সামনে রেখে আইনশৃঙ্খলা ভাঙার চেষ্টা করা ‘নির্দিষ্ট সম্প্রদায়ের একাংশ’-এর প্রতি সরকারের মনোভাব জানতে চাওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী বেশ কিছু সংবেদনশীল এলাকার প্রসঙ্গ টেনে বলেন, “আপনারা হয়তো ধুলিয়ান, সামসেরগঞ্জ, মোথাবাড়ি, বেলডাঙা ঘটনার কথা বোঝাতে চাইছেন।” শুভেন্দু অধিকারী আরও বলেন, “রাজ্যে নতুন সরকার গঠনের পর ভাতের হাঁড়ির চাল টেপার মতো দুটো চেষ্টা হয়েছিল। একটা আসানসোলে, যেখানে একজনের বাড়িতে ঢুকে হামলার চেষ্টা হয়। আর দু’নম্বর ছিল পার্ক সার্কাস।” বিক্ষোভকারীদের এক হাত নিয়ে মুখ্যমন্ত্রী অত্যন্ত আত্মবিশ্বাসী সুরে বলেন, “আমার মনে হয়, তারপর থেকে আর কিছু দেখতে পারছেন না, না? আর দেখতেও পাবেন না। সে রকম হলে আমার থেকে খারাপ কাউকে দেখতে পাবেন না।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শুভেন্দু অধিকারী আদতে কোনও মুসলিম বিরোধী নেতা নন, কিন্তু ধর্মের আড়ালে গুন্ডামি বা প্রশাসনকে বুড়ো আঙুল দেখালে তিনি এক ইঞ্চিও জমি ছাড়বেন না। তাঁর সরকার সম্পূর্ণভাবে দেশের সংবিধান মেনেই কাজ করবে, কোনও রকম তোষণ বা আইনহীনতাকে প্রশ্রয় দেওয়া হবে না।