ব্যুরো নিউজ, ২২ জুলাই ২০২৬ : রাজ্যের ঐতিহ্যবাহী বইপাড়া, কলেজ স্ট্রিটকে লন্ডনের বিখ্যাত অক্সফোর্ড স্ট্রিটের আদলে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এই মেগা প্রকল্পের কাজ খতিয়ে দেখতে আজ সকালে কলেজ স্ট্রিট পরিদর্শনে এলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর সঙ্গে ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা।
জানা গিয়েছে, কলেজ স্ট্রিটের একটি অংশকে সম্পূর্ণ দূষণমুক্ত এবং ‘নো ভেহিকেল জোন’ হিসেবে গড়ে তোলা হবে। এখানে গাড়ি চলাচল নিষিদ্ধ থাকবে, হর্ন বাজানো যাবে না। মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের জানান, এই এলাকায় শুধুমাত্র বই, নোটপ্যাড এবং খাতা-বইয়ের দোকান থাকবে। বইপ্রেমীরা নিজেদের সাইকেল নিয়ে আসতে পারবেন না, বরং নির্দিষ্ট স্থান থেকে সাইকেল ভাড়া নিতে পারবেন। বয়স্কদের সুবিধার জন্য থাকবে ব্যাটারি চালিত গাড়ি।
এছাড়াও, শহরের ঐতিহ্য বজায় রেখে বিশেষভাবে ডিজাইন করা ট্রাম চালানোর ইচ্ছাও প্রকাশ করেছেন মন্ত্রী। এই পরিবর্তনের ফলে বই বিক্রেতাদের রুটিরুজির উপর কোনো প্রভাব পড়বে কিনা, এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী আশ্বস্ত করে বলেন, “যাঁদের বইয়ের দোকান রয়েছে, তাঁদেরই রিলোকেট করে একইরকম ডিজাইনের স্টল তৈরি করে দেওয়া হবে। জায়গাটাকে সুন্দর করা হবে, যেমনটা বিদেশে দেখা যায়।” বিজেপি প্রশাসনের এই উদ্যোগ কলেজ স্ট্রিটের চেহারা কতটা বদলাতে পারে, এখন সেটাই দেখার।








