ব্যুরো নিউজ, ১৮ই মে ২০২৬ঃ মহিলাদের উপর ক্রমবর্ধমান নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতে রাজ্য সরকার একটি বিশেষ তদন্ত কমিশন গঠন করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার ঘোষণা করেছেন যে, এই কমিশন বিশেষত তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং সংখ্যালঘু মহিলাদের বিরুদ্ধে বিগত কয়েক বছরে ঘটে যাওয়া অপরাধের অভিযোগগুলি তদন্ত করবে। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়কে এই কমিশনের চেয়ারপার্সন করা হয়েছে। কমিশনের মেম্বার সেক্রেটারি হিসেবে দায়িত্বে আনা হয়েছে আইপিএস অফিসার দময়ন্তী সেনকে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ীই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আগামী ১ জুন থেকে কমিশন পুরোপুরি কাজ শুরু করবে। সরকারের তরফে জানানো হয়েছে, নতুন ও পুরনো উভয় অভিযোগই খতিয়ে দেখা হবে। অভিযোগ জানানোর জন্য আলাদা পোর্টাল, হোয়াটসঅ্যাপ নম্বর এবং ই-মেল পরিষেবা চালু করা হবে। এসসি, ওবিসি, সংখ্যালঘু এবং নারী ও শিশু কমিশনের সুপারিশগুলিও গুরুত্ব পাবে। কমিশনের সদস্যরা জেলা ও থানায় গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখবেন, অভিযোগকারীদের বয়ান রেকর্ড করবেন। প্রয়োজনে জনশুনানির ব্যবস্থাও করা হতে পারে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধীনে থাকা মামলাগুলি এই কমিশনের আওতার বাইরে থাকবে। তদন্ত শেষে কমিশন রিপোর্ট জমা দেওয়ার পাশাপাশি কড়া শাস্তির সুপারিশও করতে পারবে। মন্ত্রিসভার অনুমোদন ইতিমধ্যেই মিলেছে।








