কোটি টাকা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার দমদম পুরসভার প্রাক্তন উপ পুরপ্রধান

দমদম পুরসভার প্রাক্তন উপ পুরপ্রধান বরুণ নট্ট ওরফে বঙ্কু কোটি টাকা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার। শুভেন্দু অধিকারীর কাছে অভিযোগের পর পুলিশি তৎপরতা।

Share:

ব্যুরো নিউজ, ১১ সেপ্টেম্বর ২০২৬: দমদম পুরসভার প্রাক্তন উপ পুরপ্রধান বরুণ নট্ট ওরফে বঙ্কু কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তাঁর সঙ্গে আরও দু’জনকে গ্রেফতার করেছে দমদম থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, দমদমের এক প্রোমোটারের কাছ থেকে নির্মাণকাজের জন্য মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ ওঠে বরুণ নট্ট ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। সূত্রের খবর, প্রোমোটারকে ক্রমাগত চাপ দিয়ে কোটি কোটি টাকা তোলাবাজি করা হচ্ছিল।

একপর্যায়ে এই ঘটনার জল গড়ায় রাজ্য রাজনীতিতে। ভুক্তভোগী প্রোমোটার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবার’-এ গিয়ে গোটা বিষয়টি জানান। শুভেন্দু অধিকারীর নির্দেশেই দ্রুত তদন্ত শুরু করে দমদম থানার পুলিশ। অভিযোগ পাওয়ার মাত্র দু’দিনের মধ্যেই পুলিশি তৎপরতায় গ্রেপ্তার হন বরুণ নট্ট ওরফে বঙ্কু। শুধুমাত্র বরুণ নট্টই নন, এই মামলায় দমদম পুরসভার তিন নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পর্ণা দাসের ছেলে নয়নাশিস দাস ওরফে জনি এবং দমদমের তিন নম্বর ওয়ার্ডের সিন্ডিকেটের মাথা বলে পরিচিত সুমন্ত ঘোষ ওরফে লালটুকেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই কোটি কোটি টাকার লেনদেনের নেপথ্যে আরও বড় মাথা থাকতে পারে। ধৃতদের জেরা করে এই চক্রের বাকি সদস্যদের খোঁজ চালাচ্ছে দমদম থানার পুলিশ। এই ঘটনায় আরও একাধিকের নাম জড়িয়েছে বলে জানা গেছে, যাদের খোঁজে তল্লাশি চলছে।