ব্যুরো নিউজ, ৭ সেপ্টেম্বর ২০২৬: দুর্গাপুরে খাদ্য সুরক্ষা দপ্তরের সাম্প্রতিক অভিযানে একাধিক খাবারের দোকানে উঠে এল জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক চিত্র। সোমবার গোপাল মাঠ এলাকার কয়েকটি মিষ্টির দোকান, গোডাউন এবং রেস্তোরাঁয় তল্লাশি চালিয়ে আধিকারিকরা দেখেন, অধিকাংশ জায়গাতেই স্বাস্থ্যবিধি চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। এই অভিযানে দেখা যায়, কোথাও আরশোলার অবাধ বিচরণ, তো কোথাও আবার ছত্রাকে ভরে গিয়েছে খাবারের সামগ্রী। একটি মিষ্টি কারখানায় আরশোলার কিলবিল করা দৃশ্য দেখে চোখ কপালে ওঠে খাদ্য সুরক্ষা দপ্তরের কর্মীদের।
সেই অস্বাস্থ্যকর পরিবেশে, নোংরা ও অপরিষ্কার জায়গায় তৈরি হচ্ছিল রকমারি মিষ্টি। দোকানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাসি খাবার, যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। কোথাও পচা মিষ্টির রস মজুত রাখা হয়েছে। মিষ্টিতে ব্যবহারের জন্য মজুত রাখা হয়েছিল মেয়াদ উত্তীর্ণ রং ও রাসায়নিক, যা খাদ্যে ভেজাল মেশানোর শামিল। এছাড়াও, ছত্রাক ধরা মোমো, মেয়াদ উত্তীর্ণ মশলা এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল উদ্ধার করা হয়েছে, যা খাবারের গুণমানকে তলানিতে ঠেকিয়েছে। দীর্ঘদিন ধরেই দুর্গাপুরের বিভিন্ন খাবারের দোকানের গুণমান ও পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ উঠছিল।
সেই অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। খাদ্য সুরক্ষা দপ্তর জানিয়েছে, এই ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার খেয়ে সাধারণ মানুষের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। অভিযুক্ত দোকানগুলির বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং জরিমানা ধার্য করা হবে বলে দপ্তর সূত্রে খবর।








