ব্যুরো নিউজ, ৮ সেপ্টেম্বর ২০২৬: তৃণমূল সাংসদ নাদিমুল হকের বাড়ি ও অফিসে প্রায় ২৪ ঘণ্টা ধরে টানা তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সকাল থেকে শুরু হওয়া এই তল্লাশি ও জিজ্ঞাসাবাদ পর্ব মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ শেষ হয়।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, নাদিমুল হকের সংবাদপত্র অফিসের আড়ালে তৃণমূলের নামে যে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছিল, তার তদন্তে নেমে ৬০ কোটি টাকার গরমিল খুঁজে পেয়েছেন আধিকারিকরা। এই বিপুল অর্থ কাদের অ্যাকাউন্টে আদানপ্রদান হয়েছে এবং হাওয়ালার মাধ্যমে লেনদেন হয়েছে কি না, সেইসব প্রশ্নের উত্তর জানতে রাজ্যসভার তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সূত্রের খবর, এই ৬০ কোটি টাকা ঘিরেই যত রহস্য দানা বেঁধেছে। ইডি সূত্রে আরও জানা গেছে, তল্লাশির সময় ব্যাঙ্ক লেনদেনের কাগজপত্র এবং বেশ কিছু ডিজিটাল নথি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হয়। এর মধ্যে ৬০ কোটি টাকার লেনদেনের কোনও যথাযথ প্রমাণ মেলেনি বলে তদন্তকারীদের দাবি।
এই বিষয়ে নাদিমুল হককে প্রশ্ন করা হলে তিনিও সন্তোষজনক জবাব দিতে পারেননি, যা তদন্তকারীদের কৌতূহল আরও বাড়িয়েছে। ইডির আধিকারিকরা রাঁচি থেকে সাংসদকে উড়িয়ে এনে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন। তদন্তকারীদের ধারণা, এই হিসেব সন্দেহজনক এবং এর সঙ্গে হাওয়ালা যোগ থাকতে পারে। এই আর্থিক গরমিলের উৎস এবং সুবিধাভোগীদের চিহ্নিত করাই এখন ইডির প্রধান লক্ষ্য। এই তল্লাশি অভিযানকে কটাক্ষ করতে ছাড়েনি কালীঘাট তৃণমূল নেতৃত্ব। তারা এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়ে কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তার অভিযোগ তুলেছে। এই বিষয়ে তদন্ত এখনও জারি রয়েছে।








