ব্যুরো নিউজ, ২১ মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের দিনই ‘নিখোঁজ’ তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। বৃহস্পতিবার সকাল থেকে শ্রীরামপুর এলাকার তাঁর প্রাসাদোপম বাড়ি এবং দলীয় কার্যালয়, উভয়ই তালাবন্ধ অবস্থায় দেখা গেছে। ভোটগ্রহণের গুরুত্বপূর্ণ দিনে প্রার্থীর এমন অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফলতা বিধানসভার অন্তর্গত শ্রীরামপুর এলাকায় জাহাঙ্গীর খানের দোতলা বাড়িটি এখনও সম্পূর্ণ নির্মাণাধীন। বাড়ির সামনের অংশ যা একসময় গমগম করত, বৃহস্পতিবার সকাল থেকে তা শুনশান। প্রতিবেশীরাও তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত নন। কেউ বলছেন, “উনি হয়তো বাড়ির মধ্যেই আছেন। বাইরে বেরোলে আমরা দেখতে পেতাম।” আবার কেউ বলছেন, “আমরা জানি না উনি কোথায়।” তাঁর বাড়ির গলি থেকে মাত্র দু’মিনিটের হাঁটা পথে দলীয় কার্যালয়টিও সকাল থেকে তালাবন্ধ। সাধারণত এই কার্যালয় থেকেই ভোট প্রক্রিয়ার উপর নজর রাখতেন জাহাঙ্গীর খান।
এদিকে, ফলতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্রীরামপুর পশ্চিম দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথে নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে। এই বুথেরই ভোটার জাহাঙ্গীর খান। স্থানীয় ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। এক প্রবীণ ভোটার জানান, “এখানে দীর্ঘদিন ভোট দেওয়া যেত না। মৃত মায়ের নামেও ভোট পড়ে যেত। এবার ভালো ভোট হচ্ছে।” অন্য একজন অবশ্য বলেন, “আমাদের এই বুথে কোনওদিন গোলমাল হয়নি।” প্রার্থীর অনুপস্থিতি সত্ত্বেও ভোট শান্তিপূর্ণভাবে চলছে, তবে তাঁর ‘নিখোঁজ’ হওয়া নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।








